জিতেই চলেছে অস্ট্রেলিয়া
অ্যাশেজ ৫-০ ও ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জেতা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজেও জয়যাত্রা অব্যাহত। বুধবার তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে স্বাগতিক দল ১৩ রানে ইংল্যান্ডকে হারিয়েছে।
শুক্রবার মেলবোর্নে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে চার উইকেটে ২১৩ রান করে অস্ট্রেলিয়া।ক্যামেরন হোয়াইট ও অ্যারন ফিঞ্চের ৬৪ বলে ১০৬ রানের উদ্বোধনী জুটি অস্ট্রেলীয়দের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।ম্যাচ-সেরা নির্বাচিত হোয়াইটের ৪৩ বলে ৭৫ রানের আক্রমণাত্মক ইনিংসটা সাজানো ৬টি চার ও ৪টি ছক্কায়। ফিঞ্চও কম আক্রমণাত্মক ছিলেন না। মাত্র ৩১ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করেন তিনি।দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর গ্লেন ম্যাক্সওয়েল (১৩ বলে ২০) ও অভিষিক্ত ক্রিস লিনের (১৯ বলে ৩টি ছক্কায় অপরাজিত ৩৩) দুটো ‘ক্যামিও’ ইনিংস দুই শ’র ওপরে নিয়ে যায় অস্ট্রেলিয়াকে।জবাবে ৫১ রানে চার উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ড ৯ উইকেটে ২০০ রান করে থেমে যায়। রবি বোপারা ২৭ বলে ৭টি বিশাল ছক্কায় ৬৫ রান করে অপরাজিত থাকলেও তা শুধু হারের ব্যবধান কমাতে পেরেছে অতিথিদের।৩০ রানে চার উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে বড় অবদান ফাস্ট বোলার নাথান কোল্টার-নাইলের।সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া: ২০ ওভারে ২১৩/৪ (হোয়াইট ৭৫, ফিঞ্চ ৫২, ম্যাক্সওয়েল ২০, বেইলি ১৪, লিন ৩৩*, ক্রিস্টিয়ান ৬*; রাইট ১/১৮, ব্রড ১/২৫, বোপারা ১/২৬, ডার্নবাখ ১/৫০)ইংল্যান্ড: ২০ ওভারে ২০০/৯ (হেলস ২২, লাম্ব ৯, রাইট ৯, রুট ৩২, মর্গ্যান ৪, বাটলার ২০, বোপারা ৬৫*, ব্রেসনান ১১, ব্রড ১৩, ডার্নবাখ ৫, ব্রিগস ০*; কোল্টার-নাইল ৪/৩০, হেনরিক্স ২/৩৬, ম্যাক্সওয়েল ১/৩০, মিয়রহেড ১/৩৪)ম্যাচ সেরা: ক্যামেরন হোয়াইট।
