জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে বৃহস্পতিবার
দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০১৩-১৪ মৌসুমের খেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার।
প্রথম পর্বে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন খুলনার প্রতিপক্ষ বরিশাল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা ও রংপুর।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে লড়বে ঢাকা মেট্রো ও চট্টগ্রাম। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে রাজশাহীর প্রতিপক্ষ সিলেট।
৬ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয়, ১৩ ফেব্রুয়ারি থেকে তৃতীয় পর্বের খেলা শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় লিগের জন্য আটটি দল ঘোষণা করেছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে থাকা ক্রিকেটারদের বাইরে সব তারকা ক্রিকেটারই অংশ নিচ্ছেন এই লিগে।
