‘স্পোর্টিং উইকেট’ চান সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ‘স্পোর্টিং উইকেট’ চান বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। শনিবার অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে সাকিব জানান, দুটি দলই এশিয়ার হওয়ায় তার বিশ্বাস, স্পোর্টিং উইকেটই ভালো হবে।
সাকিব বলেন, “আমরা স্পিন উইকেট বানাতে পারি, কিন্তু এমন নয় ওদের ভালো স্পিনার বা স্পিনের বিপক্ষে ভালো ব্যাটসম্যান নেই। এমন উইকেট বানাতে হবে যেখানে ভালো ব্যাটিং করলে রান হবে, আবার ভালো বোলিং করলে উইকেটও মিলবে।”
নির্দিষ্ট কোনো বোলারের ওপর নির্ভর না করে সবাইকেই অবদান রাখার আহ্বান জানিয়ে বর্তমান সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, “কেউ হয়তো ৫ উইকেট পাবে কিন্তু বাকি সবাইকে ১ উইকেট করে নিতে হবে। আমাদের টেস্ট বোলিং স্পিন নির্ভর হলেও, পেসারদের একটা বড় ভূমিকা থাকবে। স্পিনারদেরও তাদের সামর্থ্য অনুযায়ী বল করতে হবে।”
“আমাদের বোলিং আক্রমণ ভালো হলেও ২০ উইকেট নেয়ার ব্যাপারটা নির্ভর করে উইকেটের ওপরে। আমার দৃঢ় বিশ্বাস, স্পোর্টিং উইকেট পেলে আমাদের সামর্থ্য আছে (দু’বার অলআউট করার)।”
শক্তির বিচারে শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে থাকলেও ঘরের মাঠের সুবিধা পাওয়ায় বাংলাদেশ খুব একটা পিছিয়ে থাকবে না বলে মনে করেন সাকিব।
“শেষ বার শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ টেস্টে খুব ভালো খেলছে। আমরা এখন পরিণত একটি দল। শেষ এক-দুই বছর তো ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলছি। এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে মনে হয় না খুব একটা পার্থক্য থাকবে।”
দলে ভালো খেলার ইতিবাচক প্রতিযোগিতা সাকিবকে ভালো সিরিজের স্বপ্ন দেখাচ্ছে। “দলের ভেতর একটা ভালো প্রতিযোগিতা সব সময় চলছে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো। জিততে হলে আমাদের দলে অনেকের পারফর্ম করতে হয়। এখন দলে পারফর্মারের সংখ্যা অনেক বেশি।”
টেস্ট জিততে হলে প্রতিপক্ষকে দু’বার অলআউট করতে হবে। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথিউসের নাম আলাদা করে বললেও সাকিব জানান, প্রতিপক্ষের প্রথম সাত ব্যাটসম্যানই তাদের কাছে ‘হুমকি’।
নিজে বিসিএলে চার দিনের ম্যাচে খেলতে না পারলেও বাংলাদেশের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সাকিব। বাংলাদেশ এখন আর ড্র বা ভালো খেলার লক্ষ্য নিয়ে নামে না জানিয়ে তিনি বলেন, “জেতার জন্য অবশ্যই খেলবে। পুরো দল সেভাবেই খেলবে।”
আইসিসির পুনর্গঠন নিয়ে সমালোচনা ঝড় বইছে ক্রিকেট-বিশ্বে। তবে সিরিজ শুরুর আগে দলে এর কোনো প্রভাব পড়া উচিৎ নয় বলে মন্তব্য করেছেন সাকিব।
“ব্যক্তিগতভাবে আমি চাই খেলতে, সেটা যেভাবেই হোক। আমরা যদি নিয়মিত সিরিজ খেলতে পারি, টেস্ট-ওয়ানডে-টি-টোয়েন্টি খেলতে পারি, তাহলে আমার মনে হয় না কোনোটাই ইস্যু।”
