বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে মেন্ডিস
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত শ্রীলঙ্কা দলে রাখা হয়েছে অজন্তা মেন্ডিসকে। প্রায় ১০ মাস পর টেস্ট দলে ফিরলেন এই স্পিনার।
আগামী ২৭ জানুয়ারি থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ফেব্রুয়ারি থেকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর দু’টি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা।অফস্পিনার সচিত্রা সেনানায়েকের পরিবর্তে দলে ফিরেছেন ২৮ বছর বয়সী মেন্ডিস। গত মার্চে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। প্রথম টেস্টে ৪৩ ওভার বল করে দুই উইকেট পাওয়ার পর দ্বিতীয় টেস্টে আর সুযোগ পাননি।দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান কিথুরুয়ান ভিথানাগেও। তার খেলা দুটো টেস্টও বাংলাদেশের বিপক্ষে, গত মার্চে।শুক্রবার বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কা দলের।শ্রীলঙ্কার টেস্ট দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দীনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, কৌশল সিলভা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, প্রসন্ন জয়াবর্ধনে, কিথুরুয়ান ভিথানাগে, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, শামিন্দা এরাঙ্গা, নুয়ান প্রদীপ, ভিশওয়া ফার্নান্দো ও অজন্তা মেন্ডিস।
