২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের ওয়ানডে ঢাকায়

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ সিলেট থেকে ঢাকায় সরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 03:41 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

১৭ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচনা হওয়ার কথা ছিল।

মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সিলেট বিভাগীয় স্টেডিয়ামের থেকে ঢাকার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি সরিয়ে আনার কথা জানান।

এর আগে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস জানিয়েছিলেন, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে নয়, বরং শুধু একটা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা দল সিলেটে খেলতে যেতে চায়নি।

দু'টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ২৪ জানুয়ারি বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা।

২৭ জানুয়ারি শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১২ ও ১৪ ফেব্রুয়ারি দিবা-রাত্রির দু'টি টি-টোয়েন্টি ম্যাচ হবে।

১৭ ফেব্রুয়ারি শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২০ ও ২২ ফেব্রুয়ারি হবে শেষ দুটি ওয়ানডে। তিনটি ওয়ানডেই হবে দিবা-রাত্রির।

পাঁচ বছরের বেশি সময় পর পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা দল। ২০০৮ সালের ডিসেম্বর সর্বশেষ পূর্ণাঙ্গ সফরে এসেছিল তারা।