২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনায় আইসিসি সন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 08:47 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণগণনা শুরুর মুহূর্ত। ফাইল ছবি টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণগণনা শুরুর মুহূর্ত। ফাইল ছবি

সোমবার ঢাকার একটি হোটেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে আইসিসির সভা শেষে বিসিবির নিরাপত্তা কমিটির সভাপতি মঞ্জুর কাদের বলেন, “বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কারও আর কোনো সমস্যা নেই। সবাই আমাদের নিরাপত্তা নিয়ে খুশি।”

২৭ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে বাংলাদেশের ব্যস্ত সূচি শুরু হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজের পর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো দু'টি বড় আসর বসবে বাংলাদেশে।

বাংলাদেশের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সব প্রশ্নের জবাব দেয়া হয়েছে জানিয়ে মঞ্জুর বলেন, “যেসব জায়গায় বাধা ছিল তা দূর হয়েছে। এখন আর বাংলাদেশের কোনো দুর্ভাবনা নেই।”

বিমানবন্দর থেকেই দলগুলো নিরাপত্তা চেয়েছে জানিয়ে মঞ্জুর বলেন, “বিমানবন্দরে থেকেই নিরাপত্তা দেয়ার বিষয়টি আমাদের পরিকল্পনায় আগে থেকেই ছিল। বিমানবন্দর থেকে হোটেল, হোটেল থেকে মাঠ। আমাদের প্রধানমন্ত্রী কোথাও যাওয়ার আগে যেমন দু’পাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়, সেভাবেই হবে।”

বাংলাদেশে আসা নিয়ে সংশয় ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। সভার পর সেই সংশয় দূর হয়েছে বলে দাবি মঞ্জুরের।

“লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর হামলার ভিডিওতে দেখা যায়, বাস দুটির সঙ্গে কোনো নিরাপত্তা গাড়ি ছিল না। আমরা সেগুলো দেখিয়ে পাকিস্তানকে আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি।”

সভায় আইসিসির নিরাপত্তা কর্মকর্তারা ছাড়াও শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের প্রতিনিধিরা ছিলেন বলে জানান মঞ্জুর।

সভার পর বিসিবির সভাপতি নাজমুল হাসান বলেন, “আমরা নিরাপত্তা পরিকল্পনা জানিয়েছি। কয়েকটা পরামর্শ এসেছে সভা থেকে। আমরা তাদের বলেছি, এগুলোও বাস্তবায়ন করা হবে। এরপরও কারো কোনো প্রশ্ন থাকলে তারা সেটা আইসিসিকে জানাবে। পরের সভায় সেটা নিয়ে আলোচনা হবে।”

পাকিস্তানের সংশয় প্রসঙ্গে নাজমুল বলেন, “ওদের এক ধরনের শঙ্কা ছিল। তবে সেটা নিরাপত্তা ইস্যুতে নয়, এখানে পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভের কারণে। আমরা ওদের বলেছি, ক্রিকেট সব কিছুর বাইরে থাকবে। পাকিস্তান দলকে বাড়তি নিরাপত্তা দেয়া হবে।”