২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রনকির নৈপুণ্যে টি-টোয়েন্টি সিরিজ কিউইদের

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জ্বলে উঠলেন লুক রনকি। তার ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 04:42 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে বুধবার রনকির ২৮ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারায় স্বাগতিকরা। এটি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতক।

ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটে করা ১৫৯ রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউ জিল্যান্ড। ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর স্বাগতিকদের ম্যাচে ফেরায় রস টেইলরের সঙ্গে রনকির ৬৮ রানের জুটি।

৩৯ রান করে টেইলর আউট হওয়ার পর দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ম্যাচের সেরা খেলোয়াড় রনকি, তখন হাতে ছিল এক ওভার। প্রথম ম্যাচেও ২৫ বলে ৪৮ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি।

সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার পান দু'টি করে উইকেট।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নাথান ম্যাককালাম ও অ্যাডাম মিলনের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশি বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি অতিথিরা।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসেরও হাল ধরেছিলেন টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতক পাওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ রামদিন। তার অপরাজিত ৫৫ ও আন্দ্রে ফ্লেচারের ৪০ রানের সুবাদে দেড়শ' পার করে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাককালাম ৪ ওভারে ১৭ রান দিয়ে ১টি এবং মিলনে ২২ রান দিয়ে ২ উইকেট নেন।

অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম টি-টোয়েন্টিতে ৮১ রানে জিতেছিল নিউ জিল্যান্ড।

প্রথম টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের সহজ জয়