ফরহাদের জবাবে ইমরুল, মিঠুনের পাল্টা শতক
ফরহাদ রেজার শতকে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বড় সংগ্রহ গড়েছে বিসিবি নর্থ জোন। তবে ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুনের জোড়া শতকে পাল্টা জবাব দিচ্ছে প্রাইম ব্যাংক সাউথ জোন।
সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে দ্বিতীয় দিনের খেলা শেষে নর্থ জোনের ৪২১ রানের জবাবে ৩ উইকেটে ২৮৯ রান করেছে সাউথ জোন।
৮ উইকেটে ৩৩১ রান নিয়ে দিন শুরু করা নর্থ জোন চারশ’ পার হয় অলরাউন্ডার রেজার নৈপুণ্যে। নবম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে ৫৪ ও দশম উইকেটে সাকলায়েন সজীবের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন রেজা।
দশম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ১৫৩ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন ঠিক ১৫৩ বলেই। তার মারমুখী ইনিংসে ছিল ২২টি চার ও ৬টি ছক্কা।
জবাব দিতে নেমে ৬৯ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক ও সৌম্য সরকারের বিদায়ে সাউথ জোনের শুরুটা খুব একটা ভালো হয়নি। তবে তৃতীয় উইকেটে ইমরুল-মিঠুনের ২২০ রানের জুটির সৌজন্যে প্রাথমিক ধাক্কা সামলে উঠে সাউথ জোন।
দিনের খেলা শেষ হওয়ার তিন ওভার আগে বিদায় নেন ১০৭ রান করা মিঠুন। তার ১৩৫ বলের ইনিংসে ছিল ১৩টি চার ও ৪টি ছক্কা।
জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা ইমরুল অপরাজিত আছেন ১২৭ রানে। তার ২১৪ বলের ইনিংসটি ১৫টি চার ও ৫টি ছক্কায় সাজানো। ৭ উইকেট হাতে নিয়ে এখনও ১৩২ রানে পিছিয়ে আছে সাউথ জোন।
