বিসিএলে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি চান মুশফিক
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দু’টি পর্ব ক্রিকেটারদের জন্য দারুণ সহায়ক হবে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুশফিক বলেন, “আমরা অনেক দিন চার দিনের কোনো ম্যাচ খেলি না। তাই দুটি চার দিনের ম্যাচ খেলতে পারলে খুব ভালো হবে। বিসিএল অবশ্যই সাহায্য করবে।”১২ জানুয়ারি থেকে শুরু হবে চার দলের প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রতিযোগিতা বিসিএলের দ্বিতীয় আসর।বিসিএলে খেলার মান ভালো থাকে জানিয়ে মুশফিক বলেন, “আমার মনে হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি ম্যাচ খেলতে পারলে, যারা রান করবে বা উইকেট নেবে তাদের জন্য খুব সহায়ক হবে।”ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগ নিয়েই কাজ হবে জানিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, “অনেক দিন ধরে টেস্ট খেলছি না। মাইন্ড সেট গুরুত্বপূর্ণ। শেষ সিরিজে আমাদের টপঅর্ডারে ভালো শুরুটা আসেনি। পেস বোলিং নিয়ে কাজ করতে হবে। আশা করবো, এই সময়ে দুইটা ম্যাচ সবাই খেলবে। দু-তিন দিন অনুশীলন থাকবে। তখন সেগুলো ঠিক হবে আশা করি।”গত কয়েক বছর ধরেই ঘরের মাঠে ভালো খেলছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষেও এই ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী মুশফিক।“শেষবার ওদের ওখানে গিয়ে আমরা ভালো খেলেছি। আমি আত্মবিশ্বাসী, ভালো খেললে ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে। একটা গ্রুপ হিসেবে এটা বিশ্বাস করতে শিখেছি আমরা।”এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলাটা বাংলাদেশের জন্য সহায়ক হবে বলেই মনে করেন মুশফিক।“বিশ্বকাপে তাদের সঙ্গে আমাদের খেলতে হবে। আগেও ওদের সঙ্গে খেলেছি। আমরা ভালো খেলে ওদের হারালে ওদের আত্মবিশ্বাস কমবে।”রাজনৈতিক অস্থিরতা থাকলেও এশিয়া কাপ খেলতে সবাই আসবে বলে আশাবাদী মুশফিক।
জাতীয় লিগের আগে হচ্ছে বিসিএল
