টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে প্রাইম ব্যাংক চ্যাম্পিয়ন
বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫৫ রানে ইউসিবি-বিসিবি একাদশকে হারিয়েছে।
টস জিতে ব্যাট করতে নেমে লিটন দাসের আক্রমণাত্মক ব্যাটিং ৬ উইকেটে ১৭৪ রানের লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় প্রাইম ব্যাংককে।এনামুল হকের (২৭) সঙ্গে ৫৯ রানের উদ্বোধনী এবং দ্বিতীয় উইকেটে সাব্বির রহমানকে (২৫) নিয়ে ৫৬ রানের জুটি গড়া লিটনের ব্যাট থেকে আসে ম্যাচ-সর্বোচ্চ ৬২ রান। ৩৯ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও দুটি ছক্কায়।বিসিবি একাদশের পক্ষে ৩১ রানে ৩ উইকেট নেন আল-আমিন হোসেন।জবাবে ৮ উইকেটে ১১৯ রানে থেমে যায় বিসিবি একাদশের ইনিংস।অধিনায়ক তামিম ইকবাল (২) দ্বিতীয় ওভারে বিদায় নিলেও রনি তালুকদার (২৪ বলে ৩২) ও ইমরুল কায়েসের (২২ বলে ২৩) আক্রমণাত্মক ব্যাটিং সপ্তম ওভারে বিসিবি একাদশকে ১ উইকেট ৫০ রানে পৌঁছে দিয়েছিল।কিন্তু রনি ও ইমরুলের বিদায়ের পর আর কোনো ব্যাটসম্যান জ্বলে উঠতে না পারায় বড় ব্যবধানে হার মানতে হয় তাদের।২১ রানে ২ উইকেট নেন তাইজুল ইসলাম।
