২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়াকে চিঠি দেবে বিসিবি

সব ধরণের রাজনৈতিক কর্মসূ্চী থেকে ক্রিকেটকে বাইরে রাখার অনুরোধ জানিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2013, 09:16 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশরাফুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

এ প্রসঙ্গে তিনি বলেন, “খেলা চলার সময় কঠিন কোনো কর্মসূচী না দেয়ার অনুরোধ জানিয়ে আমরা বিরোধী দলের কাছে একটা চিঠি দিতে যাচ্ছি। তাদের কোনো কর্মসূচী থাকলেও তা যেন ক্রিকেটের আওতামুক্ত থাকে।”

“চিঠিটা মাত্র তৈরি করা হয়েছে। আজই আমি স্বাক্ষর করবো। এরপর আমাদের প্রতিনিধি তা নিয়ে যাবে। আমি পরশু (শনিবার) দেশের বাইরে যাচ্ছি। এর মধ্যে বিরোধী দলীয় নেতার অ্যাপয়েন্টমেন্ট না পেলে আমি নিজে হয়তো যেতে পারবো না।”

আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে একটি শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করার প্রত্যয় জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “৪ জানুয়ারি এসিসির সভায় আমাদের পরিকল্পনা উপস্থাপন করবো এবং এশিয়া কাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের কাছেও তা পাঠানো হবে।”

বাংলাদেশে খেলা না হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি মন্তব্য করে নাজমুল হাসান বলেন, “এমন কোনো পরিস্থিতি হয়নি যার জন্য এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ অন্য কোথাও সরিয়ে নিতে হবে। তবে এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ক্ষেত্রে বিকল্প ভেন্যু তো থাকতেই পারে।”

বাংলাদেশেই এশিয়া কাপ হওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, “আমার যতটুকু আশ্বাস দেওয়ার, নিশ্চয়ই দেব। এখানে খেলা না হওয়ার কোনো কারণ নেই। আমাদের এখন কর্তব্য হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলোকে বোঝানো, আস্থা দেয়া। বিসিবি সভাপতি যে পরিকল্পনার কথা বলেছেন, তা সঠিকভাবে বাস্তবায়িত হলে কোনো সমস্যা হওয়ার কথা নয়।”