২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ কাপে মোহামেডানের সহজ জয়

দেওয়ান সাব্বির ও মুমিনুল হকের নৈপুণ্যে বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে মোহামেডান সহজেই ৭ উইকেটে ইউসিবি-বিসিবি একাদশকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2013, 08:25 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

বুধবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৯ রান করে ইউসিবি-বিসিবি একাদশ।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে রনি তালুকদারের ৭১ রানের জুটি ইউসিবি-বিসিবি একাদশকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু ৩২ বলে ৪৩ রান করে রনির বিদায়ের পর দিগভ্রান্ত হয়ে পড়ে দলটি।

তামিম ৩৮ বলে ৩৪ এবং নাঈম ইসলাম ১০ বলে ২০ রান করলেও ইউসিবি-বিসিবির সংগ্রহ তেমন বড় হয়নি।

 

২২ রানে ৪ উইকেট নিয়ে সাব্বির মোহামেডানের সেরা বোলার। ম্যাচের সেরা খেলোয়াড়ও ২১ বছর বয়সী এই ডানহাতি মিডিয়াম পেসার।

জবাবে ৫৮ রানে প্রথম তিন ব্যাটসম্যানের বিদায়ের পর তাইবুর পারভেজের (২৫ বলে অপরাজিত ৩০) সঙ্গে মুমিনুলের অবিচ্ছিন্ন ৭২ রানের জুটি ১৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেয় মোহামেডানকে।

৫০ রানে অপরাজিত মুমিনুলের ২৮ বলের ঝড়ো ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কা।

তৃতীয় ম্যাচে এটা মোহামেডানের দ্বিতীয় জয়। সমান ম্যাচে ইউসিবি-বিসিবির দ্বিতীয় পরাজয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ করে দিতে এই টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।