ডারবানে জয়ের সন্ধানে দক্ষিণ আফ্রিকা
ডারবানের কিংসমিডে অনেক দিন কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে তাই জয় পেতে মরিয়া স্বাগতিক দল।
দেশের অন্যতম প্রধান ভেন্যুতে দক্ষিণ আফ্রিকা সর্বশেষ টেস্ট জিতেছিল ২০০৮ সালের জানুয়ারিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর কিংসমিডে টানা চারটি টেস্ট খেলে সবগুলোতে হার মেনেছে তারা।
এই চার ম্যাচে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দলের প্রতিপক্ষ ছিল যথাক্রমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা।
বিশ্বের অন্যতম দ্রুতগতির উইকেটের ভেন্যুতে এমন ব্যর্থতার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সহ-অধিনায়ক সাংবাদিকদের বলেন, “ডারবান নিয়ে আমি বিভ্রান্ত। জানি না সেখানে কী আশা করা যেতে পারে।”
এবারের ডারবান টেস্টে স্বাগতিকদের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “সব সময় যেভাবে খেলি এবারো সেভাবেই খেলবো। (খেলা চলার সময়) একবারে একটি বল নিয়েই ভাববো। পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার জন্য নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাবো। পুরো দলও তাই করবে।”
ডি ভিলিয়ার্স মনে করেন, পেস সহায়ক উইকেট হলেও দ্বিতীয় টেস্টে টস জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া উচিৎ। এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক বলেন, “আমার মনে হয় প্রথম দিন (উইকেটে) বেশ মুভমেন্ট থাকবে। তবে অতীতের মতো এবারো প্রথমে ব্যাটিং করাই হবে বুদ্ধিমানের কাজ।”
“মনে হয় না ওয়ান্ডারার্সের মতো (ডারবানের উইকেটে) এতো বেশি চিড় থাকবে। সেখানকার উইকেট সম্ভবত একটু বেশি সবুজ, একটু বেশি কঠিন হবে। টেস্টের শেষ দিকে বল কিছুটা ঘুরতেও পারে।”
ডারবানে দক্ষিণ আফ্রিকার টেস্ট রেকর্ডে অদ্ভূত ‘ভারসাম্য’ আছে। এখানে ৩৯টি টেস্ট খেলে তাদের জয়, পরাজয় ও ড্র ১৩টি করে।
জোহানেসবার্গে জয়ের দোরগোড়া থেকে ফিরে এসে ডারবানে প্রায় ছয় বছর পর তারা জয় পায় কিনা, সেটাই দেখার।
