চার বছর পর সিংহাসন হারালেন স্টেইন
চার বছরেও বেশি সময় পর আইসিসির টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের সিংহাসনটা খোয়ালেন ডেল স্টেইন। তাকে হটিয়ে শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকারই আরেক পেসার ভার্নন ফিল্যান্ডার।
২০০৯ সালের জুলাইয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার পর এই প্রথম নিচে নামলেন স্টেইন; মাঝে হয়েছে ১৮৬টি ম্যাচ। শ্রীলঙ্কার সাবেক বিশ্বসেরা অফ-স্পিনার মুত্তিয়া মুরালিধরনের পরই সবচেয়ে বেশি ম্যাচে এক নম্বর বোলার থাকার কৃতিত্ব স্টেইনের দখলে।
ভারতের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে স্টেইন ও ফিল্যান্ডারের উল্টোমুখী পারফরম্যান্সের কারণে শীর্ষস্থানে এই রদবদল। দুই ইনিংস মিলে ফিল্যান্ডার নিয়েছেন মোট সাত উইকেট। যেখানে স্টেইন প্রথম ইনিংসে ৬১ রানে এক উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ১০৪ রান দিয়ে একটি উইকেটও পাননি।
টেস্টের ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে অবশ্য কোনো পরিবর্তন হয়নি; যথাক্রমে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে ৬৪ গড়ে ২৫৬ রান করে উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপলের, দুই ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন তিনি।
আর ঐ তিন টেস্টেই শতক করা নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান টেইলর উঠে এসেছেন চার নম্বরে। সিরিজটি ২-০ ব্যবধানে জিতেছে স্বাগতিক নিউ জিল্যান্ড।
