হাফিজের নৈপুণ্যে পাকিস্তানের সহজ জয়
প্রথমে ক্যারিয়ার-সেরা অপরাজিত ১৪০ রান, তারপর ৩৫ রানের বিনিময়ে দুটো মূল্যবান উইকেট – শারজায় তৃতীয় ওয়ানডেতে মোহাম্মদ হাফিজের অলরাউন্ড পারফরম্যান্স শ্রীলঙ্কার বিপক্ষে ১১৩ রানের সহজ জয় এনে দিয়েছে পাকিস্তানকে। সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিক দল এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।
সিরিজের শেষ দুটো ম্যাচ হবে আগামী বুধ ও শুক্রবার, আবুধাবিতে।
রোববার শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩২৬ রান করে পাকিস্তান।
আহমেদ শেহজাদের (৮৯ বলে ৮১) সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৬০ ও অধিনায়ক মিসবাহ-উল-হককে (২৬ বলে ৪০) নিয়ে চতুর্থ উইকেটে মাত্র ৫১ বলে ৭৫ রানের জুটি গড়ে দলকে তিন শ’র ওপরে নিয়ে যাওয়ার কৃতিত্ব হাফিজের।
সিরিজে দ্বিতীয় ও সব মিলিয়ে অষ্টম শতকের দেখা পাওয়া হাফিজের ১৩৬ বলের দারুণ ইনিংসটি ১১টি চার ও তিনটি ছক্কায় সাজানো।
জবাবে ৪৪.৪ ওভারে ২১৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৫৯ রান আসে তিলকরত্নে দিলশানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের।
হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে গত মার্চের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা উমর গুল ১৯ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার।
হাফিজ ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন সাঈদ আজমল ও জুনায়েদ খান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫০ ওভারে ৩২৬/৫ (শারজিল ২, শেহজাদ ৮১, হাফিজ ১৪০*, মাকসুদ ২১, মিসবাহ ৪০, আফ্রিদি ২, উমর ২৩*; থিসারা ২/৫৮, মালিঙ্গা ১/৫৮, কুলাসেকারা ১/৬৭)
শ্রীলঙ্কা: ৪৪.৪ ওভারে ২১৩ (কুশল ৭, দিলশান ৫৯, করুনারত্নে ০, সাঙ্গাকারা ১৪, চান্দিমাল ৩৬, ম্যাথিউস ৪৪, কুলাসেকারা ১, প্রসন্ন ২২, থিসারা ২, সেনানায়েকে ৪*, মালিঙ্গা ১৯; গুল ৩/১৯, হাফিজ ২/৩৫, আজমল ২/৩৭, জুনায়েদ ২/৪০, আফ্রিদি ১/৪১)
ম্যাচ সেরা: মোহাম্মদ হাফিজ।
