ভবিষ্যত নিয়ে শঙ্কায় স্যামি
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারের পর দলের অনেকের মতো নিজের ক্যারিয়ার নিয়ে শঙ্কায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি।
বৃষ্টির আশীর্বাদে প্রথম টেস্টে হার এড়ানো ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে হেরেছে ইনিংস ও ৭৩ রানে। হ্যামিল্টনে তৃতীয় টেস্টে এক সেশনেই ১০৩ রানে অলআউট হয়ে অতিথিরা হেরেছে ৮ উইকেটে।
নিউ জিল্যান্ডের কাছে প্রতিরোধহীন হারের পর স্যামি দলের কারো কারো শেষ দেখে ফেলেছেন। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হারা অধিনায়ক স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ।
“কোচ এবং ক্রিকেট পরিচালকের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কারো কারো ক্যারিয়ার শঙ্কায় পড়েছে, হয়তো আমার নিজেরটাও। আমরা এভাবে চালিয়ে যেতে পারি না।”
সিরিজে শিবনারায়ণ চন্দরপল ও ড্যারেন ব্রাভোর গড়ই কেবল ৬০ এর উপরে। একটি শতকের পরও দীনেশ রামদিনের গড় ৩৮.৬০। বাকিদের গড় মারলন স্যামুয়েলস (১৯.৫০) ও কাইরন পাওয়েলের (১৭.৩৩) মতোই হতাশাজনক।
টেস্টে চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের মাত্র তিন ব্যাটসম্যানের গড় ৪০ এর উপরে রয়েছে। বোলিং নিষেধাজ্ঞার কবলে পড়েছেন এ বছর সেরা উইকেট শিকারি শেন শিলিংফোর্ড (৩৬টি)। দ্বিতীয় সেরা উইকেট শিকারি টিনো বেস্টের শিকার মাত্র ১১টি।
