জোহানেসবার্গে সুদৃঢ় অবস্থানে ভারত
প্রথমে জহির খান ও ইশান্ত শর্মার দুর্দান্ত বোলিং। তারপর চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলির দৃঢ়তাভরা ব্যাটিং। সব কিছুর যোগফল জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে জয়ের স্বপ্ন দেখাচ্ছে ভারতকে। ২ উইকেটে ২৮৪ রান নিয়ে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষ করা অতিথি দল সব মিলিয়ে ৩২০ রানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকার চেয়ে।
মাত্র ষোড়শ টেস্ট খেলতে নেমে ষষ্ঠ শতকের দেখা পাওয়া পুজারা ব্যাট করছেন ১৩৫ রান নিয়ে। প্রথম ইনিংসে শতক করা কোহলি অপরাজিত ৭৭ রানে।
প্রথম ইনিংসে ৩৬ রানের লিড পাওয়া ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। শিখর ধাওয়ান (১৫) ভার্নন ফিল্যান্ডারের বলে স্লিপে জ্যাক ক্যালিসকে ক্যাচ দিলে ২৩ রানেই ভেঙ্গে যায় উদ্বোধনী জুটি।
টেস্টে ফিল্যান্ডারের এটা শততম উইকেট। ১৯ টেস্টে এই মাইলফলক স্পর্শ করায় তিনি এখন দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্টে দ্রুততম ১০০ উইকেটশিকারী। ২০ টেস্ট খেলে আগের রেকর্ডটি ছিল ফিল্যান্ডারের সতীর্থ ডেল স্টেইনের।
ধাওয়ান ফিরে যাওয়ার পর পুজারা ও মুরালি বিজয়ের ৭০ রানের দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত। ৩৯ রান করা বিজয়কে জ্যাক ক্যালিস কট বিহাইন্ড করার পর ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের আর পেছন ফিরে তাকাতে হয়নি।
অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ১৯১ রানের জুটি গড়ে ভারতকে সুদৃঢ় অবস্থানে পৌঁছে দিয়েছেন কোহলি ও পুজারা। চা-বিরতির পর শেষ সেশনে মাত্র ৩৮ ওভারে ১৭৫ রান যোগ করেছেন দুজনে।
শুরু থেকে সতর্ক পুজারা ১২৭ বলে অর্ধশতকে পৌঁছানোর আক্রমণাত্মক হয়ে ওঠেন। তাই পরের পঞ্চাশ আসে মাত্র ৪১ বলে। তার ২২১ বলের ইনিংসে চার ১৮টি। অন্যদিকে কোহলির ১৩২ বলের ইনিংস গড়ে উঠেছে ৮টি চারে।
দক্ষিণ আফ্রিকার দুর্দশা বাড়িয়ে মাত্র দুই ওভার বল করে, ডান গোড়ালি মচকে মাঠ থেকে বেরিয়ে গেছেন মর্নে মরকেল। ২৬ ডিসেম্বর থেকে ডারবানে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে এই ফাস্ট বোলারকে না-ও পেতে পারে স্বাগতিক দল।
দিনের শুরুটাও ভারতের সাফল্যমণ্ডিত। ৪৮ রান নিয়ে ব্যাট করতে নামা ফিল্যান্ডার শুরুতে ইশান্তকে দুটো চার মেরে অবশ্য দক্ষিণ আফ্রিকানদের লিড এনে দেয়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু জহিরের তোপে সেই স্বপ্ন ভেঙ্গে যেতেও সময় লাগেনি।
৫৯ রান করা ফিল্যান্ডারকে আউট করে ৮০ রান স্থায়ী সপ্তম উইকেট জুটি ভেঙ্গে দেন জহির। ১৭ রান নিয়ে দিন শুরু করা ফাফ দু প্লেসিও এই বাঁহাতি পেসারের শিকার। শুক্রবার দু প্লেসির অবদান মাত্র ৩ রান।
মাঝে ইশান্ত ডেল স্টেইনকে ফেরানোর পর মরকেলকে বোল্ডকে করে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে দেন জহির।
ইশান্ত ও জহির দুজনেরই শিকার চারটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২৮০ (কোহলি ১১৯, রাহানে ৪৭; ফিল্যান্ডার ৪/৬১, মরকেল ৩/৩৪) ও ২৮৪/২ (ধাওয়ান ১৫, বিজয় ৩৯, পুজারা ১৩৫*, কোহলি ৭৭*; ক্যালিস ১/৫১, ফিল্যান্ডার ১/৫৩)
দক্ষিণ আফ্রিকা: ২৪৪ (স্মিথ ৬৮, পিটারসেন ২১, আমলা ৩৬, ক্যালিস ০, ডি ভিলিয়ার্স ১৩, ডুমিনি ২, দু প্লেসি ২০, ফিল্যান্ডার ৫৯, স্টেইন ১০, মরকেল ৭, তাহির ০*; ইশান্ত ৪/৭৯, জহির ৪/৮৮, সামি ২/৪৮)
