ক্রিকেটের ‘বলি’ জুলফিকার ভাট্টি
ব্যাট করার সময় বুকে বল লেগে মর্মান্তিক মৃত্যু হয়েছে পাকিস্তানের এক ক্রিকেটারের। হতভাগ্য এই ক্রিকেটারের নাম জুলফিকার ভাট্টি।
গত মঙ্গলবার পাকিস্তানের সিন্ধু রাজ্যের তৃতীয় বৃহত্তম শহর সাক্কারের দুটি ক্লাব সিন্ধু ইয়াং ক্রিকেট ক্লাব ও সুপার স্টার ক্রিকেট ক্লাবের ম্যাচ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। সুপার স্টারের হয়ে খেলছিলেন ভাট্টি।
ঘটনার বিবরণ দিতে গিয়ে সুপার স্টারের এক কর্মকর্তা রেহমাত জানান, ব্যাট করার সময় হঠাৎ একটি বল বুকে লাগলে ভাট্টি ক্রিজের ওপরে লুটিয়ে পড়েন। সঙ্গে-সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো খেলে জাতীয় দলে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখতেন টপ অর্ডার ব্যাটসম্যান ভাট্টি। কিন্তু মাত্র ২২ বছর বয়সে সেই স্বপ্নের করুণ সমাপ্তি ঘটলো।
মারা যাওয়ার একদিন আগেও স্বপ্নকে সত্যি করার আশাবাদ ছিল ভাট্টির কণ্ঠে। তার সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করে রেহমাত বলেন, “ঐ ম্যাচের এক দিন আগে সে বলেছিল, হায়দ্রাবাদ থেকে উঠে আসা শারজিল খানের জাতীয় দলে অভিষেক হওয়ায় সিন্ধুর মতো প্রত্যন্ত ও ছোট অঞ্চলের ক্রিকেটারদেরও পাকিস্তানের হয়ে খেলার সুযোগ তৈরি হয়েছে।”
