২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথের শতকে স্বস্তিতে অস্ট্রেলিয়া

শুরুতে বিপদে পড়লেও স্টিভেন স্মিথের শতকে ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। পার্থে অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৩২৬ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 08:06 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

দ্বিতীয় টেস্ট শতকের দেখা পাওয়া স্মিথ ব্যাট করছেন ১০৩ রান নিয়ে। ১৯১ বলের ইনিংসটি সাজানো ১৩টি চার ও দুটি ছক্কায়। দিন শেষে স্মিথের সঙ্গী ৩৯ রানে অপরাজিত মিচেল জনসন।

শততম টেস্টে টানা তৃতীয় বারের মতো টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও সাফল্য পাননি আগের দুই টেস্টেই শতক করা মাইকেল ক্লার্ক।

দলীয় ১৩ রানে ক্রিস রজার্সের (১১) রান আউট দিয়ে অস্ট্রেলিয়ার বিপর্যয়ের শুরু। ৫২ রানে ফিরে যান তিন নম্বরে নামা অলরাউন্ডার শেন ওয়াটসনও (১৮)।

অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার পাল্টা আক্রমণ করার চেষ্টা করলেও ৬০ রানের বেশি করতে পারেননি। তার ৭৭ বলের ইনিংসে ৮টি চার ও একটি ছক্কা।

ওয়ার্নারের আগে-পরে ক্লার্ক (২৪) ও জর্জ বেইলি (৭) ফিরে গেলে ১৪৩/৫-এ পরিণত অস্ট্রেলিয়া দুশ্চিন্তায় পড়ে যায়।

তবে প্রথম দুই টেস্ট জিতে ৭ বছর পর অ্যাশেজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা অস্ট্রেলীয়রা ঘুরে দাঁড়ায় এরপর।

স্মিথ ও দারুণ ছন্দে থাকা উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের ১২৪ রানের জুটি বিপদ থেকে উদ্ধার করে স্বাগতিক দলকে।

আগের দুই টেস্টে ৫৩, ৯৪ ও ১১৮ রানের তিনটি মূল্যবান ইনিংস খেলা হ্যাডিন করেন ৫৫ রান। ১০০ বলের ইনিংসটিতে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা।

দলীয় ২৬৭ রানে হ্যাডিন ফিরে যাওয়ার পর স্মিথ ও জনসনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটির অবদান ৫৯ রান।

দুটি করে উইকেট নেন গ্রায়েম সোয়ান ও ক্রিস ব্রড।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩২৬/৬ (রজার্স ১১, ওয়ার্নার ৬০, ওয়াটসন ১৮, ক্লার্ক ২৪, স্মিথ ১০৩*, বেইলি ৭, হ্যাডিন ৫৫, জনসন ৩৯*; সোয়ান ২/৭১, ব্রড ২/৭৮, স্টোকস ১/৫২)