২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ককের রেকর্ড ছোঁয়া ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টানা তিনটি ওয়ানডেতে শতক করলেও জয়ের আনন্দে মেতে উঠতে পারেননি কুইন্টন ডি কক। ভারত ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও শেষ ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকানদের জয়ের ব্যবধান তাই ২-০।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 01:34 AM

Updated : 23 Aug 2022, 07:28 PM

বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ২৮ রানে ৩ উইকেট হারালেও ডি কক ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের শতক ৮ উইকেটে ৩০১ রান এনে দেয় দক্ষিণ আফ্রিকাকে।

সিরিজের প্রথম দুই ম্যাচে ১৩৫ ও ১০৬ রানের দুটো ম্যাচ জেতানো ইনিংস খেলা ডি ককের ব্যাট থেকে আসে ১০১ রান। ১২০ বলের ইনিংসটিতে ছিল ৯টি চার ও দুটি ছক্কা।

এর আগে পাকিস্তানের জহির আব্বাস ও সাঈদ আনোয়ার এবং ডি ককের স্বদেশী হার্শেল গিবস ও ডি ভিলিয়ার্স টানা তিনটি ওয়ানডেতে শতক করেছিলেন।

চতুর্থ শতকের দেখা পাওয়া ডি ককের সঙ্গে ডি ভিলিয়ার্সের ১৮২ বলে ১৭১ রানের চতুর্থ উইকেট জুটি বড় সংগ্রহের পথে এগিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকানদের।
ষোড়শ শতক করা ডি ভিলিয়ার্সের অবদান ১০৯ রান। ১০১ বলের অধিনায়কোচিত ইনিংসটি সাজানো ৬টি চার ও ৫টি ছক্কায়।

ডি কক ও ডি ভিলিয়ার্সের বিদায়ের পর ডেভিড মিলারের (৩৪ বলে অপরাজিত ৫৬) ঝড়ো ব্যাটিং তিন শ’ রান এনে দেয় স্বাগতিকদের।

৪০ রানে ৪ উইকেট নিয়ে ইশান্ত শর্মা ভারতের সেরা বোলার। আগের দুই ম্যাচের মতো বুধবারও সামি আহমেদের (৩/৬৯) শিকার তিনটি।

দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষে বৃষ্টি নামলে ভারত আর ব্যাট করতে পারেনি। অনেকক্ষণ অপেক্ষা করে স্থানীয় সময় রাত সোয়া ৮টায় খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

সিরিজ সেরার পুরস্কার অনুমিতভাবেই উঠেছে ডি ককের হাতে।