বৃষ্টিতে রক্ষা উইন্ডিজের
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের প্রতিরোধের পর বৃষ্টির বাধা। তাই বছরের প্রথম জয়টি পাওয়া হল না নিউ জিল্যান্ডের।
বৃষ্টির তাণ্ডবে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে প্রথম টেস্টের শেষ দিনের খেলা থেমে যাওয়ার সময় জয়ের জন্য নিউ জিল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৩৩ রান।
৬ উইকেটে ৪৪৩ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন দ্বিশতকে পৌঁছানো ড্যারেন ব্রাভোর দ্রুত বিদায় নিলেও নীচের সারির ব্যাটসম্যানদের নিয়ে লড়াই চালিয়ে যান অধিনায়ক ড্যারেন স্যামি। তৃতীয় নতুন বলে দশম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৮০ রান করেন তিনি।
স্যামির দৃঢ়তায় অলআউট হওয়ার আগে ৫০৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অফস্পিনার শেন শিলংফোর্ডের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে নিউ জিল্যান্ড।
প্রথম ইনিংসে দ্বিশতক করা রস টেইলর ও কোরি অ্যান্ডারসন এরপর প্রতিরোধ গড়ে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিচ্ছিলেন। তবে চা-বিরতির কিছুক্ষণ আগে নামা বৃষ্টিতে সব ধুয়েমুছে যায়। ম্যাচের সেরা খেলোয়াড় টেইলর ১৬ ও অ্যান্ডারসন ২০ রানে অপরাজিত থাকেন।
২৬ রানে ৪ উইকেট নিয়ে শিলিংফোর্ড ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৬০৯/৯ ইনিংস ঘোষণা (টেইলর ২১৭*, ম্যাককালাম ১১৩, দারফোর্ড ৬২, ফুলটন ৬১, বেস্ট ৩/১৪৮, দিওনারায়ণ ২/৭৬, স্যামি ২/৭৯) ও ৭৯/৪ (ফুলটন ৩, রাদারফোর্ড ২০, রেমন্ড ৬, টেইলর ১৬*, ম্যাককালাম ৯, অ্যান্ডারসন ২০*; শিলিংফোর্ড ৪/২৬)
ওয়েস্ট ইন্ডিজ: ২১৩ (চন্দরপল ৭৬, ব্রাভো ৪০; সাউদি ৪/৫২, বোল্ট ৩/৪০) ও ৫০৭ (এডওয়ার্ডস ৫৯, পাওয়েল ১৪, ব্রাভো ২১৮, স্যামুয়েলস ২৩, চন্দরপল ১, দিওনারায়ণ ৫২, রামদিন ২৪, স্যামি ৮০, শিলিংফোর্ড ১৫, বেস্ট ৩, গ্যাব্রিয়েল ০*; ওয়াগনার ৩/১১২, বোল্ট ২/৮১. সাউদি ২/১০১, সোধি ২/১৫৫, অ্যান্ডারসন ১/২৯)
ম্যাচ সেরা: রস টেইলর।
