২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিন শেষে স্বস্তিতে অস্ট্রেলিয়া

অ্যাডিলেড টেস্টের তৃতীয় সেশনে তিনটি সহজ ক্যাচ ছাড়ার মাশুল দিচ্ছে ইংল্যান্ড। বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেটে ২৭৩ রানের স্বস্তিকর জায়গায় চলে গেছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 02:57 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

পুরনো খবর:

সমতা ফেরাতে মরিয়া ইংল্যান্ড

অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে অষ্টম ওভারেই সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার (২৯)।দলে জায়গা হারানোর শঙ্কায় থাকা অন্য উদ্বোধনী ব্যাসম্যান ক্রিস রজার্সের সঙ্গে শেন ওয়াটসনের ১২১ রানের জুটি অস্ট্রেলিয়াকে ১ উইকেটে ১৫৫ রানের ভালো সূচনা এনে দেয়।
১৯ রানের মধ্যে দুই সেট ব্যাটসম্যান ও স্টিভেন স্মিথের বিদায়ে স্বাগতিকদের স্বস্তি বেশিক্ষণ টেকেনি।

অর্ধশতকে পৌঁছানোর পরই বিদায় নেন ওয়াটসন (৫১)। দেশের মাটিতে প্রথম অর্ধশতকে পৌঁছানো রজার্স আউট হয়েছেন ৭২ রানে।

আর চা-বিরতির আগে শেষ ওভারে মন্টি পানেসারের বল ঠিকভাবে খেলতে না পেরে বোল্ড হয়ে যান স্মিথ (৬)।

এরপর আগের টেস্টেই অভিষিক্ত জর্জ বেইলির সঙ্গে প্রতিরাধ গড়ে তুলেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। অবশ্য এতে ভাগ্যের বেশ সহায়তা পেয়েছেন তারা। দলীয় ১৯০ রানে পানেসারকে হাঁটু উচ্চতায় ফিরতি ক্যাচ দিয়ে বেঁচে যান সে সময় ১০ রানে ব্যাট করা বেইলি।

১৫ রান পর আবার সুযোগ আসে অতিথিদের সামনে। সেটিও হ্তছাড়া হয়ে যায়। গ্রায়েম সোয়ানের বলে মিডউইকেটে ক্লার্কের ক্যাচ ছাড়েন জো রুট। সে সময় ১৮ রানে ব্যাট করছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

বেইলি ও ক্লার্ক জীবন না পেলে খেলার চিত্র হয়তো অন্যরকম হতে পারতো। পঞ্চম উইকেটে বেইলির সঙ্গে ক্লার্কের ৮৩ রানের জুটির সুবাদে আড়াইশ' পার হয় অস্ট্রেলিয়া।

৫৩ রান করে বেইলি সাজঘরে ফিরে গেলেও ৪৮ রানে অপরাজিত রয়েছেন ক্লার্ক। তার সঙ্গী ব্র্যাড হ্যাডিনও (অপরাজিত ৭) ৮৯ তম ওভারের শেষ বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মাইকেল কারবেরির হাতে জীবন পেয়েছেন।

ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট ব্রড ৬৩ রানে ২ উইকেটে নিয়েছেন।

শুরুতে বৃষ্টির কারণে তিন দফা খেলা বন্ধ থাকলেও কোনো ওভার কাটা যায়নি বরং এক ওভার বেশি খেলা হয়েছে।

ব্রিসবেনে প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৩৮১ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২৭৩/৫ (রজার্স ৭২, ওয়ার্নার ২৯, ওয়াটসন ৫১, ক্লার্ক ৪৮*, বেইলি ৫৩, হ্যাডিন ৭*; ব্রড ২/৬৩, সোয়ান ১/৫৫, অ্যান্ডারসন ১/৫৬, পানেসার ১/৬৮)