তিনে ব্যাট করতে চান বেল
জোনাথন ট্রটের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিন নম্বরে ব্যাট করার আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ডের ইয়ান বেল।
আগামী ৫ ডিসেম্বর থেকে অ্যাডিলেইডে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ব্রিসবেনে প্রথম টেস্ট ৩৮১ রানের বিশাল ব্যবধানে জিতে পাঁচ ম্যাচের অ্যাশেজে এগিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে বেল বলেন, “আমি অবশ্যই তিন নম্বরে ব্যাট করতে আগ্রহী। তবে এই সিদ্ধান্ত আমার নিয়ন্ত্রণে নেই। ব্যাটিংয়ে আমাদের অনেক বিকল্প আছে। তবে সুযোগ পেলে আমি অবশ্যই হাত তুলে নিজেকে এগিয়ে রাখবো।”
প্রথম টেস্টের দুই ইনিংসে ১০ ও ৯ রানে আউট হওয়ার পর মানসিকভাবে ভেঙ্গে পড়া ট্রট এরই মধ্যে দেশে ফিরে গেছেন। এবারের অ্যাশেজে আর খেলবেন না তিনি।
ট্রটের মতো বেলও ব্রিসবেন টেস্টে সাফল্য পাননি। পাঁচ নম্বরে ব্যাট করা বেল ব্রিসবেনে দুই ইনিংসে ৫ ও ৩২ রান করেছেন। শনিবার অমীমাংসিতভাবে শেষ হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচেও তিনি ব্যর্থ। প্রথম ইনিংসে ১৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ পাননি।
তবে গত জুলাই-অগাস্টে দেশের মাটিতে অনুষ্ঠিত অ্যাশেজে দারুণ সফল ছিলেন ৩১ বছর বয়সী বেল। পাঁচ টেস্টে তিনটি শতকসহ ৬২.৪৪ গড়ে সিরিজের সর্বোচ্চ ৫৬২ রান করেন তিনি। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড।
