বোপারার শতকে প্রাইম ব্যাঙ্কের জয়
ইংল্যান্ডের ব্যাটসম্যান রবি বোপারার দুর্দান্ত ইনিংসের সুবাদে দারুণ এক জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ করলো প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাব। মোহামেডান স্পোটিং ক্লাবকে ১৪ রানে হারিয়েছে তারা।
বোপারার অপরাজিত ১৫৭ রানের উপর ভর করে ছয় উইকেটে ২৮০ রানের ইনিংস গড়ে প্রাইম ব্যাঙ্ক। ১৫৭ বলে ইনিংসে ১১ টি চার ও পাঁচটি ছক্কা মারেন বোপারা। টস জিতে ব্যাট করতে নামা প্রাইম ব্যাঙ্কের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান সৈকত আলী।
মোহামেডানের পক্ষে জোড়া উইকেট নেন জাতীয় দলের পেসার মাশরাফি বিন মুর্তজা। একটি করে উইকেট নেন দেলওয়ার হোসেন, রহমত শাহ ও রাজিন সালেহ।
জবাবে ৪ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় এতিহ্যবাহী ক্লাব মোহামেডান। তবে শ্রীলঙ্কার উপুল থারাঙ্গার ৫২ (৭০ বলের ইনিংসে চারটি চার ও একটি ছক্কা) ও রহমত শাহর ৬৪ (৬৩ বলের ঝড়ো ইনিংসে পাঁচটি চার ও তিনটি ছক্কা) রানের উপর ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে মোহামেডান।
শেষদিকে মাশরাফির ৩২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংসে জয়ের আশা জাগলেও সাত বল বাকি থাকতে ২৬৬ রানে থেমে যায় তাদের ইনিংস। ছয়টি চার ও একটি ছক্কা মারেন মাশরাফি।
ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পর বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা বোপারা।
