উইলিয়ামসনে আস্থা নিউ জিল্যান্ডের
বাঁ-হাতের বুড়ো আঙ্গুলে চোট আক্রান্ত হলেও ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের উপর আস্থা রেখেছে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের সিরিজের জন্য তাকে রেখেই ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নির্বাচকেরা।
গত মাসে বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাঁহাতের বুড়ো আঙ্গুলে ব্যথা পান ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।
আগামী মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কিনা, তা অবশ্য নিশ্চিত নয়। পুরোপুরি ফিট থাকলেই কেবল খেলার জন্য বিবেচিত হবেন। তবে তার শারীরিক অবস্থা ইতিবাচক।
মঙ্গলবারের আগেই উইলিয়ামসনের সুস্থ হয়ে ওঠার ব্যাপারে বেশ আশাবাদী জাতীয় নির্বাচক মন্ডলীর জেনারেল ম্যানেজার ব্রুস এডগার।
এছাড়া প্রায় ছয় মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছেন পেসার টিম সাউদি। গত মে মাসে ইংল্যান্ড সফরে শেষ টেস্ট খেলেছিলেন ২৬ টেস্টে ৮৩ উইকেট পাওয়া এই পেসার।
নিউ জিল্যান্ড টেস্ট দল: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডজ ব্রেসওয়েল, পিটার ফুলটন, অ্যারোন রেডমন্ড, হামিশ রাদারফোর্ড, ইস সোধি, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়েগনার, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।
