টেস্ট দলে ফিরলেন সুনীল নারায়ণ
টেস্ট দলে আবারো ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারায়ণ। নিউ জিল্যান্ড সফরের জন্য ঘোষিত দলে অফ-স্পিনার শেন শিলিংফোর্ড ও অনিয়মিত স্পিনার মারলন স্যামুয়েলসের 'অনিশ্চিত' হয়ে পড়ায় সুযোগ পেয়েছেন তিনি।
গত বছর নভেম্বরে বাংলাদেশ সফরে শেষ টেস্ট খেলেছেন এ পর্যন্ত পাঁচটি টেস্ট খেলে ৪৮.০৬ গড়ে ১৫ উইকেট নেয়া নারায়ন। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্স তুলনামুলক ভালো; ওশেনিয়া অঞ্চলের এই দেশটির বিপক্ষে দুই টেস্টে ১২ উইকেট পেয়েছেন তিনি।
সম্প্রতি শেষ হওয়া ভারত সফরের মুম্বাই টেস্টের সময় শিলিংফোর্ড ও স্যামুয়েলসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে আম্পায়াররা। আম্পায়ারদের মতে, দ্রুত বল করার সময় স্যামুয়েলসের এবং ‘দুসরা’ করার সময় শিলিংফোর্ডের হাত নির্ধারিত সীমার চেয়ে বেশি বাকে।
আর তাই এবিষয়ে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা করতে কোচ ওটিস গিবসনের সঙ্গে অস্ট্রেলিয়া পৌছেছেন শিলিংফোর্ড ও স্যামুয়েলস। তবে তাদের বোলিং অ্যাকশন নির্ভুল প্রমাণিত হলে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই থাকতে পারেন তারা দু’জন। আগামী মঙ্গলবার ডানেডিনে শুরু হবে প্রথম টেস্ট।
