আবার প্রধান নির্বাচক হতে পারেন ফারুক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হওয়ার জন্য গত সেপ্টেম্বরে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান আকরাম খান। বিসিবি তাই এখন প্রধান নির্বাচকের সন্ধানে। সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে আছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, “প্রধান নির্বাচক হিসেবে সবচেয়ে বেশি জায়গা থেকে নাম এসেছে ফারুকের। নান্নুর (মিনহাজুল আবেদীন) নামও এসেছে। পাইলট (খালেদ মাসুদ) ও সুমনের (হাবিবুল বাশার) নামও আলোচনায় ছিল।”
নাজমুল হাসান জানান, দুই-এক দিনের মধ্যেই প্রধান নির্বাচকের নাম চূড়ান্ত করবেন তিনি। গত ২৬ সেপ্টেম্বর আকরাম খান পদত্যাগ করার পর থেকে প্রধান নির্বাচকের পদটি শূন্য। আকরাম বর্তমানে বিসিবির নির্বাচিত পরিচালক। নতুন কমিটিতে তিনি পেয়েছেন ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব।
