২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে সিরিজও ভারতের

টেস্টের মতো ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। শিখর ধাওয়ানের শতকের সুবাদে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ উইকেটের সহজ জয় পাওয়া স্বাগতিক দল সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 08:04 PM

Updated : 13 Oct 2022, 03:04 PM

বুধবার কানপুরের গ্রিন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৬৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম ওভারে দলীয় ২০ রানে জনসন চার্লসকে (১১) হারানোর পর কাইরন পাওয়েল ও মারলন স্যামুয়েলসের ১১৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা।

পাওয়েলের ৮১ বলে ৭০ রানের ইনিংসে ৯টি চার। অন্যদিকে ৯৩ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৭১ রান করেন স্যামুয়েলস।

পাওয়েল ও স্যামুয়েলস অর্ধশতক করলেও ৪২তম ওভারে ১৯৬/৫-এ পরিণত হয়ে বেশ অস্বস্তিতে পড়ে যায় অতিথি দল। তবে দুই ‘ড্যারেন’ ব্রাভো ও স্যামির আক্রমণাত্মক ব্যাটিং লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় তাদের।

অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৪৯ বলে ৬৭ রানের জুটি গড়েন দুজনে। সিরিজে টানা তৃতীয় অর্ধশতক করা ড্যারেন ব্রাভো ৫১ রান করে অপরাজিত থেকে যান। ৫৩ বলের ইনিংসটিতে চারটি চার ও দুটি ছক্কা।

স্যামি ছিলেন স্বভাবসুলভ আক্রমণাত্মক। ২৯ বলে দুটি ছক্কা ও একটি চারে অপরাজিত ৩৭ রান আসে তার ব্যাট থেকে।

জবাবে ৬১ রানে ২ উইকেট হারানোর পর ধাওয়ান ও যুবরাজের ১২৯ বলে ১২৯ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয় ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের।

মাত্র ৯৫ বলে ১১৯ রান করা ধাওয়ানের ঝড়ো ইনিংসে ২০টি চার থাকলেও বিস্ময়করভাবে কোনো ছক্কা নেই। বুধবার অবশ্য ভারতের কোনো ব্যাটসম্যানই ছক্কা মারতে পারেননি।

Image
পঞ্চম ওয়ানডে শতক দুই হাত ছড়িয়ে উদযাপন করছেন শিখর ধাওয়ান। ছবি: বিসিসিআই

পঞ্চম ওয়ানডে শতক দুই হাত ছড়িয়ে উদযাপন করছেন শিখর ধাওয়ান। ছবি: বিসিসিআই

দারুণ ছন্দে থাকা ধাওয়ানের এটা পঞ্চম ওয়ানডে শতক এবং সবগুলোই এ বছরে করা।

সিরিজ জয়ের পাশাপাশি যুবরাজের ছন্দে ফেরা ভারতের জন্য বাড়তি প্রণোদনা ছিল বুধবার। ৭৪ বলে ৭টি চারে ৫৫ রান করেন তিনি। গত জানুয়ারির পর ১২ ম্যাচ ও ১০ ইনিংসের খরা শেষে অর্ধশতকের দেখা পেলেন ২০১১ ওয়ানডে বিশ্বকাপের সেরা খেলোয়াড়।

তিন ম্যাচে ৬৮ গড়ে দুটি অর্ধশতকসহ ২০৪ রান করে সিরিজ সেরা হয়েছেন ভারতের বিরাট কোহলি। শেষ ম্যাচে মাত্র ১৯ রান করলেও প্রথম দুই ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছে ৮৬ ও ৯৯ রানের দুটো দুর্দান্ত ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৬৩/৫ (চার্লস ১১, পাওয়েল ৭০, স্যামুয়েলস ৭১, ড্যারেন ব্রাভো ৫১*, সিমন্স ১৩, ডোয়াইন ব্রাভো ৪, ড্যারেন স্যামি ৩৭*; অশ্বিন ২/৪৫, ভুবনেশ্বর ১/৪২, সামি ১/৪৯, জাদেজা ১/৪৯)

ভারত: ৪৬.১ ওভারে ২৬৬/৫ (রোহিত ৪, ধাওয়ান ১১৯, কোহলি ১৯, যুবরাজ ৫৫, রায়না ৩৪, ধোনি ২৩*, জাদেজা ২*; রামপল ২/৫৫, ডোয়াইন ব্রাভো ২/৫৭, নারায়ণ ১/৩২)

ম্যাচ সেরা: শিখর ধাওয়ান

সিরিজ সেরা: বিরাট কোহলি।