ভারত দলে ফিরলেন জহির খান
প্রায় একবছর পর জাতীয় দলে ফিরলেন জহির খান। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও ওয়ানডে দলে আছেন ভারতীয় পেসার।
সোমবার ঘোষিত ১৭ সদস্যের টেস্ট দলে ডাক পেয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটসম্যান আম্বাতি রাইডু।
গত বছর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন ২৯৫টি টেস্ট উইকেটের মালিক জহির। চার টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচ খেলে মাত্র চার উইকেট পেয়েছিলেন অভিজ্ঞ এই বোলার। তবে এ মৌসুমে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে তিন ম্যাচে ১৩ উইকেট নিয়ে নির্বাচকদের আস্থা জয় করেছেন ৩৫ বছর বয়সী এই খেলোয়াড়।
আর জহির শেষ ওয়ানডে খেলেছেন গতবছরের অগাস্টে, শ্রীলঙ্কার বিপক্ষে।
জহির খান ফিরলেও ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ও স্পিনার হরভজন সিং কোনো দলেই সুযোগ পাননি।
জোহানেসবার্গে প্রথম টেস্ট শুরু হবে ১৮ ডিসেম্বর। দ্বিতীয় টেস্ট ২৬ ডিসেম্বর ডারবানে। এর আগে ৫, ৮ ও ১১ ডিসেম্বর জোহানেসবার্গ, ডারবান ও সেঞ্চুরিয়নে তিনটি ওয়ানডে খেলবে দল দুটি।
টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, আম্বাতি রাইডু, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, প্রজ্ঞান ওঝা, অজিঙ্কা রাহানে, উমেশ যাদব, রোহিত শর্মা, মোহম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, জহির খান, ইশান্ত শর্মা ও ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক)।
ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, আম্বাতি রাইডু, অমিত মিশ্র, জয়দেব উনাদকাট, জহির খান, উমেশ যাদব ও মোহিত শর্মা।
