২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকিবুলের নৈপুণ্যে শিরোপার কাছে গাজী ট্যাঙ্ক

রকিবুল হাসানের চমৎকার ব্যাটিংয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপার আরো কাছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2013, 05:12 PM

Updated : 25 Apr 2022, 07:34 PM

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে এল্টন চিগুম্বুরার শতকে ৯ উইকেটে ২৫৯ রান করে শেখ জামাল।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৮৭ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া শেখ জামাল আড়াইশ' পেরুয় চিগুম্বুরার ঝড়ো ব্যাটিংয়ে। ৯৪ বলে ৯টি ছক্কা ও ৬টি চারের সাহায্যে ১০৯ রানে অপরাজিত থাকেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার।

১৭৬ রানে নবম উইকেট পড়ার পর শুভাশীষ রায়ের সঙ্গে ৬১ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন চিগুম্বুরা।

৫৬ রানে ৩ উইকেট নিয়ে গাজী ট্যাঙ্কের সেরা বোলার নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাটে।

জবাবে ৪৬ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী ট্যাঙ্ক।

তৃতীয় উইকেটে ইমরুল কায়েসের (৮১) সঙ্গে রকিবুলের ১২৩ রানের জুটিতে গাজী ট্যাঙ্কের জয়ের ভিত রচিত। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ (২৫) ও আসগার জাইদির (অপরাজিত ২০) ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংসের সৌজন্যে ২০ বল অব্যবহৃত রেখেই জয় তুলে নেয় গাজী ট্যাঙ্ক।

ম্যাচসেরা রকিবুল অপরাজিত থাকেন ৯০ রানে। তার ৯৩ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কা।

শেখ জামালের পক্ষে স্টিভেন ক্রুক ৪৬ রানে ২ উইকেট নেন।

১৩ খেলায় ২০ পয়েন্ট নিয়ে শীর্ষেই গাজী ট্যাঙ্ক। দুই ম্যাচ বাকি থাকতে ১৮ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই প্রাইম দোলেশ্বর। ১৬ পয়েন্ট করে নিয়ে তিন ও চার নম্বরে থাকা শেখ জামাল ও মোহামেডানেরও কাগজে কলমে শিরোপা জয়ের সম্ভাবনা টিকে আছে।