অবশেষে ওয়ানডে দলে ক্যালিস
৩২১টি ওয়ানডে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ, অথচ ওয়ানডে দলে দীর্ঘ দিন সুযোগ পাচ্ছিলেন না। জ্যাক ক্যালিসের প্রতীক্ষার প্রহর শেষ হলো অবশেষে। পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটো ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেয়েছেন তিনি।
৩৮ বছর বয়সী ক্যালিস সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন প্রায় পৌনে দুই বছর আগে, ২০১২ সালের ফেব্রুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হলেও এরপর ওয়ানডে দলে উপেক্ষার শিকার হতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত ফিরলেন ওয়ানডেতে ১১ হাজার ৪৯৮ রান ও ২৭০টি উইকেটের মালিক।
ক্যালিস ফিরলেও ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক ফাফ দু প্লেসি।
ক্যালিসের প্রত্যাবর্তনে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) নির্বাচন আহ্বায়ক বা প্রধান নির্বাচক অ্যান্ড্রু হাডসন আনন্দিত। এক বিবৃতিতে সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান জানিয়েছেন, “উদীয়মান অলরাউন্ডার হিসেবে রায়ান ম্যাকলারেন ও ওয়েইন পার্নেল দারুণ খেলছে। এমন সময়ে আমাদের প্রধান অলরাউন্ডার জ্যাকের (ক্যালিস) ফেরা স্বাগত জানানোর মতোই খবর।”
“খেলাটায় তার যে বিশাল অভিজ্ঞতা তার কোনো বিকল্প নেই।”
ফিরেছেন গ্রায়েম স্মিথও। এ মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে মাথার চোটের কারণে প্রথম দুই ম্যাচের পর খেলতে পারেননি তিনি। পাঁচ ম্যাচের ঐ সিরিজে দক্ষিণ আফ্রিকা ৪-১ ব্যবধানে জিতেছে।
দু দলের ফিরতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর, কেপটাউনে। ২৭ ও ৩০ নভেম্বর পরের দুই ম্যাচের ভেন্যু পোর্ট এলিজাবেথ ও সেঞ্চুরিয়ন।
ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ৫, ৮ ও ১১ ডিসেম্বর; জোহানেসবার্গ, ডারবান ও সেঞ্চুরিয়নে।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ডেভিড মিলার, রায়ান ম্যাকলারেন, ওয়েইন পার্নেল, মর্নে মরকেল, ভার্নন ফিল্যান্ডার, ইমরান তাহির, ডেল স্টেইন ও লোনওয়াবো সোতসোবে।
