শক্তির সমতায় জমজমাট সুপার লিগ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ বুধবার যখন মাঠে গড়াবে তখন ছয়টি দলই থাকবে শিরোপার লড়াইয়ে। নিজেদের মধ্যে দলগুলোর সর্বোচ্চ ব্যবধান মাত্র তিন পয়েন্ট থাকায় চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে প্রত্যেকেরই।
নতুন নিয়মে দল বদল হওয়ায় এবার দলগুলোর শক্তির পার্থক্য খুব কম। পয়েন্ট তালিকাতেও যার প্রভাব পড়েছে। সুপার সিক্সে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, প্রাইম দোলেশ্বর, মোহামেডান উঠেছে ১৪ পয়েন্ট নিয়ে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ১২ পয়েন্ট প্রাইম ব্যাংকের। আর ষষ্ঠ স্থানে থাকা কলাবাগানের পয়েন্ট ১১।
জনপ্রিয় দল আবাহনী, শিরোপাধারী ভিক্টোরিয়া, সাকিব আল হাসানের দল কলাবাগান ক্রীড়া চক্র ও তামিম ইকবালের দল ব্রাদার্স ইউনিয়ন সেরা ছয়ে থাকতে না পারায় একটু বর্ণ হারিয়েছে সুপার লিগ। তবে সেরা ছয় দলের পয়েন্ট ব্যবধান মাত্র ৩ হওয়ায় মিলছে জমজমাট লড়াইয়ের প্রতিশ্রুতি।
লিগের সেরা দল গাজী ট্যাঙ্কে ভালো খেলছেন অনেকেই। ইমরুল কায়েস ও রকিবুল হাসান নিয়মিত রান পাচ্ছেন। মাত্র ৬ ম্যাচে ১৯ উইকেট পেসার রুবেল হোসেন ও ২০ উইকেট নিয়ে উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে থাকা বাঁহাতি স্পিনার আরাফাত সানি দলের বোলিং আক্রমণকে দারুণ ভারসাম্য এনে দিয়েছে।
লিগের এবারের আসরের সবচেয়ে বড় চমক প্রাইম দোলশ্বর। মুমিনুল হক, সোহাগ গাজী ও ফরহাদ রেজার দলটি সমীহ করার মতোই।
জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর, ইংল্যান্ডের রবি বোপারার সঙ্গে জিয়াউর রহমান, লিগের সেরা উইকেট শিকারি এনামুল হক জুনিয়র (২১ উইকেট) ও তাপস বৈশ্যর দল প্রাইম ব্যাঙ্ককে হারানোও কঠিন।
দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা, শামুসর রহমান, রাজিন সালেহর দল মোহামেডান অফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবীর অভাব অনুভব করবে।
জাতীয় দলের অধিনায়ক মুশফিকের রহিমের নেতৃত্বাধীন শেখ জামাল কাগজে-কলমে লিগের সবচেয়ে শক্তিশালী দল। লিগের দ্বিতীয় সেরা রান সংগ্রাহক জুনায়েদ সিদ্দিক (৪৩৪), জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইলিয়াস সানি, জিম্বাবুইয়ান অলরাউন্ডার এল্টন চিগুম্বুরার দলটি শিরোপার অন্যতম দাবিদার।
কলাবাগান বিশেষ কারোর ওপর নির্ভরশীল নয়। দলের সেরা ব্যাটসম্যান ৭ ম্যাচে ৩৩৬ রান করা জিম্বাবুয়াইন হ্যামিল্টন মাসাকাদজা। লিগের ব্যাটিং ও বোলিংয়ে সেরা বিশের মধ্যে তিনিই কলাবাগানের একমাত্র খেলোয়াড়।
আবাহনী বাদ পড়ায় ৯ ম্যাচে ৪৩৫ রান করে লিগের সেরা রান সংগ্রাহক মোসাদ্দেক হোসেন আর এগুতে পারছেন না। একই ভাগ্য ১০ ম্যাচে ৪৩০ করে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রাদার্সের নাফিস ইকবাল।
২১ উইকেট নিয়ে সবার ওপরে আছেন এনামুল। ২০টি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন, আরাফাত সানি, জিহান মুবারক ও ফরহাদ রেজা।
