নিউ জিল্যান্ড সফরে অপরিবর্তিত ক্যারিবীয় দল
ভারতে শোচনীয়ভাবে দুটি টেস্ট হারলেও নিউ জিল্যান্ড সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে কোনো পরিবর্তন আনা হয়নি।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড গত সোমবার নিউজিলান্ডে সফরে তিন টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করে। ভারতে টেস্ট সিরিজে মোট ২৫ রান করা এবং কোনো উইকেট না পাওয়া অধিনায়ক ড্যারেন সামির উপর আবার ভরসা রেখেছে তারা।
ভারতে শচীন টেন্ডুলকারের বিদায়ী সিরিজের দুটি টেস্টই তিন দিনের মধ্যে ইনিংস ব্যবধানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র দু'জন ব্যাটসম্যান সিরিজে ১০০ রান ছাড়াতে পেরেছেন। বোলারদের মধ্যে সাফল্য পেয়েছেন কেবল ১১টি উইকেট নেয়া শেন শিলিংফোর্ড। তার সতীর্থদের কেউ দু'টির বেশি উইকেট পাননি।
তিন টেস্টের মধ্যে প্রথমটি ডানেডিনে শুরু হবে ৩ ডিসেম্বর। বর্তমানে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ২-০ বা এর চেয়ে খারাপ ব্যবধানে হারলে র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে যাবে।
আর বর্তমানে র্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকা নিউ জিল্যান্ড আগের সিরিজে বাংলাদেশের সঙ্গে দুটি টেস্টই ড্র করেছে।
টেস্ট সিরিজের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন সামি (অধিনায়ক), দিনেশ রামদিন, টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, শেলডন কট্রেল, নরসিংহ দিওনারায়ণ, ক্রিক এডওয়ার্ডস, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, বীরসামি পেরমল, কাইরন পাওয়েল, মারলন স্যামুয়েলস, শেন শিলিংফোর্ড, চ্যাডউইক ওয়ালটন।
