২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড ভাঙ্গা-গড়ার অনায়াস দক্ষতা

রেকর্ড নাকি ভাঙার জন্যই। ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে বহুবার রেকর্ড ভাঙা-গড়ার খেলা খেলেছেন শচীন টেন্ডুলকার। আর মাত্র একটি টেস্ট খেলে দীর্ঘ সময়ের এই পথচলার ইতি টানবেন ক্রিকেট বিশ্বের জীবন্ত এই কিংবদন্তি। বিদায় বেলায় ২০০তম টেস্টে মাঠে নামার অর্জনটা করলেও হয়তো নতুন করে আর কোনো রেকর্ড করবেন না।

আব্দুল মোমিন আব্দুল মোমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 07:09 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

বিদায়বেলায়ও তাই বারবার আলোচনায় উঠে আসছে তার রেখে যাওয়া অগুন্তি সেসব রেকর্ড যার কোনো কোনোটার ওপর এখনই বসিয়ে দেয়া যায় ‘চিরস্থায়ী’ ছাপ।

আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের পথচলার শুরু ১৯৮৯ সালের ১৫ নভেম্বর, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচে। অভিষেকে কিন্তু আহামরি কোনো কৃতিত্বই গড়েননি- প্রথম ইনিংসে করেন মাত্র ১৫ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগই পাননি।

টেস্টে প্রথম শতকের দেখা পান পরের বছর অগাস্টে, ইংল্যান্ড সফরে। দ্বিতীয় শতকের জন্য অপেক্ষা করতে হয় প্রায় দেড় বছর। আর আজ যখন বিদায়ের প্রস্তুতি শুরু করেছেন- তার থলিতে শোভা পাচ্ছে রেকর্ড ৫১টি শতক। সাতটি শতক কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ৩৮ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।

আর আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকারের ১০০টি শতকের অনেক পেছনে থেকে (৭১) অবসরে গেছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। তার পরে মোট ৬১টি শতক নিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।

সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ডটাও টেন্ডুলকারের দখলেই। ১৬৮টি টেস্ট খেলে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং। ২০১০ সালে ১৬৯তম ম্যাচ খেলতে নেমে স্টিভ ওয়াহকে ছাড়িয়ে গিয়েছিলেন টেন্ডুলকার। আর এখন একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ তম টেস্ট খেলতে নামছেন তিনি।

সর্বোচ্চ টেস্টের পাশাপাশি ক্রিকেটের এই ঘরাণায় সর্বোচ্চ রানের মালিকও কিন্তু টেন্ডুলকার। মুম্বাই টেস্টের আগে ৫৩.৭১ গড়ে করেছেন ১৫ হাজার ৮৪৭ রান। ১৩ হাজার ৩৭৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পন্টিং। আর এখনও খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে চার নম্বরে আছেন ক্যালিস, তার রান ১৩ হাজার ১৪০।

টেস্ট অভিষেকের এক মাস পর ঐ পাকিস্তান সফরেই প্রথম ওয়ানডে খেলেন টেন্ডুলকার। কিন্তু শূন্য রানেই আউট হয়ে যান তিনি, কপালে জোটে সাত রানের প্রথম হারও। দ্বিতীয় ম্যাচেও শূন্য। প্রথম শতকের জন্য অপেক্ষা করতে হয় প্রায় পাঁচ বছর।

১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর, কলম্বোয় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১০ রান করেন তিনি। এরপর আর অপেক্ষায় থাকতে হয়নি তার। এখন নামের পাশে রেকর্ড ৪৯টি শতক। ৩০টি শতক নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পন্টিং। এখনও খেলছেন তাদের মধ্যে ২১টি শতক নিয়ে ছয় নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

বলার অপেক্ষা রাখে না, স্বল্প পরিসরের ক্রিকেটেও সবচেয়ে বেশি ম্যাচ, রান ও অর্ধ-শতকের রেকর্ডগুলোও টেন্ডুলকারের দখলে।

৪৬৩ টি ওয়ানডে খেলেছেন তিনি। এখনও খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে খেলেছেন মাত্র ৪০৬টি ম্যাচ।

রেকর্ড সংখ্যক ম্যাচে ৪৪.৮৩ গড়ে টেন্ডুলকার করেছেন রেকর্ড ১৮ হাজার ৪২৬ রান। দ্বিতীয় স্থানে থাকা পন্টিংয়ের রান ১৩ হাজার ৭০৪। এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার রান ১১ হাজার ৮৭৭।

আর ৯৬টি অর্ধ-শতক করেছেন টেন্ডুলকার। দ্বিতীয় সর্বোচ্চ ৮২টি অর্ধশতক পন্টিংয়ের। এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে সাঙ্গাকারার অর্ধশতক ৮০টি।

ওয়ানডে ঘরানায় এক বর্ষ পঞ্জিকায় সর্বোচ্চ রানের তালিকাতেও সবার উপরে আছেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার। ১৯৯৮ সালে ৩৪ ম্যাচে ৬৫.৩১ গড়ে এক হাজার ৮৯৪ রান করেছিলেন তিনি।

গতবছর ডিসেম্বর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেন টেন্ডুলকার।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়ানদাদের সঙ্গে যৌথভাবে ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ডটাও আছে টেন্ডুলকারের দখলে। সেই সঙ্গে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের রেকর্ডটাও। ৪৫ ম্যাচে ৫৬.৯৫ গড়ে করেছেন ২ হাজার ২৭৮ রান। এখানেও কিন্তু সর্বোচ্চ ছয়টি শতকের মালিক দেশের হয়ে একটি বিশ্বকাপ জয়ী এই মহাতারকা।

বিশ্বকাপে ১৫টি অর্ধশতক করে এই তালিকাতেও সবার উপরে আছেন তিনি।

টেস্ট ও ওয়ানডেতে এসব রেকর্ডের ভিড়ে টেন্ডুলকারের চমক জাগানো ক্যারিয়ারে আছে আরো অনেক রেকর্ড।

টেস্টে:

সর্বোচ্চ দুই হাজার ৪৬টি চার।

রাহুল দ্রাবিড়ের সঙ্গে সর্বোচ্চ ছয় হাজার ৯২০ রানের জুটি।

দ্রাবিড়ের সঙ্গে ২০ বার শতোর্ধ জুটির রেকর্ড

সবচেয়ে কম ইনিংসে ১২ হাজার ও ১৩ হাজার রান করেন। টেন্ডুলকার বাদে আর কেউ ১৪ রান না করায় ১৪ ও ১৫ হাজারের রেকর্ডটিও তার দখলে।

তৃতীয় উইকেটে বীরেন্দর শেবাগের সঙ্গে দেশের হয়ে সর্বোচ্চ ৩৩৬ রানের জুটি। ২০০৪ সালের মার্চে, পাকিস্তানের বিপক্ষে।

চতুর্থ উইকেটে ভিভিএস লক্ষণের সঙ্গে দেশের হয়ে সর্বোচ্চ ৩৫৩ রানের রেকর্ড, ২০০৪ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

টেস্টে সবচেয়ে বেশি পঞ্চাশের বেশি ইনিংস খেলার রেকর্ডটাও কিন্তু টেন্ডুলকারের দখলেই, করেছেন ৬৭ অর্ধশতক ও ৫১টি শতকে মোট ১১৮টি।

আন্তর্জাতিক ওয়ানডে:

সর্বোচ্চ ৬২ বার ম্যাচ সেরা হয়েছেন।

সর্বোচ্চ ১৫ বার সিরিজ সেরা হয়েছেন।

সর্বোচ্চ ২ হাজার ১৬টি চার মেরেছেন।

কম ইনিংসে ১০ হাজার, ১১ হাজার, ১২ হাজার ও ১৩ হাজার রান করেন টেন্ডুলকার। টেন্ডুলকার বাদে আর কেউ ১৪ রান করেননি। সেহেতু ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ হাজারের রেকর্ডটিও তার দখলে।

যে কোনো উইকেটে রাহুল দ্রাবিড়ের সঙ্গে ৩৩১ রানের সর্বোচ্চ জুটি; ১৯৯৯ সালের ৮ নভেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে।

সতীর্থ সৌরভ গাঙ্গুলীর সঙ্গে দেশের হয়ে প্রথম উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ২০০১ সালে কেনিয়ার বিপক্ষে ২৫৮ রান করেন তারা।

রাহুল দ্রাবিড়ের সঙ্গে তৃতীয় উইকেটে দেশের হয়ে সর্বোচ্চ ২৩৭ রানের জুটি, ১৯৯৯ সালের ২৩ মে কেনিয়ার বিপক্ষে।