২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লারার চোখে ইতিহাস সেরা টেন্ডুলকার

‘বন্ধু’ শচীন টেন্ডুলকারকে ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করেন ক্রিকেটের ‘বরপুত্র’ ব্রায়ান লারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার থেকে ঘরের মাঠ মুম্বাইয়ে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট হতে যাচ্ছে টেন্ডুলকারের দুইশ’তম টেস্ট।

টেন্ডুলকারের বিদায় উপলক্ষ্য আয়োজিত এক অনুষ্ঠানে লারা বলেন, “ক্রিকেট খেলেছেন এমন যে কারোর চেয়ে তার (টেন্ডুলকার) ক্যারিয়ারটিই সবচেয়ে সমৃদ্ধ।”

৪৪ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিং-কিংবদন্তি লারার কৃতিত্বও কম নয়। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক বাঁহাতি এই ব্যাটসম্যানের টেস্ট গড় ৫৩ এর সামান্য একটু নিচে। এ পর্যন্ত ১৯৯ টেস্ট খেলা টেন্ডুলকারের গড় ৫৩ এর একটু উপরে।

বিদায়ী টেস্টটি হতে যাচ্ছে টেন্ডুলকারের দুইশ’তম টেস্ট, ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে যা খেলতে নামবেন তিনি।

১১ হাজার ৯৫৩ রান করা লারা বলেন, “টেন্ডুলকার এই খেলা, তার দেশ এবং বাকি বিশ্বের উপর যে প্রভাব ফেলেছে, তা অবিশ্বাস্য।”

মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টেন্ডুলকারের। তার পর থেকে একের পর এক রেকর্ড গড়া সেই বিস্ময়বালক বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে পেয়েছেন একশ' আন্তর্জাতিক শতক।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে রান টেন্ডুলকারের। ১৯৯ টেস্টে তার রান ১৫ হাজার ৮৪৭ ও ৪৬৩ ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬।

লারা বলেন, “তার পরিস্যংখ্যানই তার হয়ে বলে দিচ্ছে। আমার মনে হয় না, এমন কোনো ১৬ বছর বয়সী আছে, যে কিনা ৪০ বছর বয়সে এসে বিদায় নেয়ার সময় শচীন টেন্ডুলকারের কাছাকাছি যেতে পারবে।”

“সে ক্রিকেটের মোহাম্মদ আলী ও মাইকেল জর্ডান। ক্রিকেটের কথা বললে শচীনের ব্যাপারে কথা বলতেই হবে,” যোগ করেন লারা।