কম দামে ক্রিকেট বিশ্বকাপের টিকেট
ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর; অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে ২০১৫ সালের বিশ্বকাপে টিকেটের দাম সাধ্যের মধ্যেই রাখা হয়েছে।
শিশুদের টিকেট সবচেয়ে কমে পাওয়া যাবে ৫ অস্ট্রেলীয় ডলারে (৪.৬৬ মার্কিন ডলার)। বড়দের সর্বনিম্ন টিকেট ২০ ডলার।
আয়োজকরা বলছেন, ক্রিকেটপ্রেমীরা যেন বেশি সংখ্যায় পরিবারের সদস্যদের নিয়ে স্টেডিয়ামে আসেন, সেজন্যই টিকেটের দাম কম রাখা হয়েছে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ফাইনালে সবচেয়ে কম দামের টিকেট ৬০ অস্ট্রেলীয় ডলারের, যা কেনা যাবে শিশুদের জন্য। আর সবচেয়ে দামি টিকেটের দাম ৩৯৫ অস্ট্রেলীয় ডলার।
ক্রিকেট বিশ্বকাপের প্রধান নির্বাহী জন হার্নডেন বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা চাই এমন একটা আয়োজন করতে যার সঙ্গে ক্রিকেটপ্রেমীরা নিজেদের একাত্ম মনে করেন।"
তিনি মনে করেন, টিকেটের দাম কম থাকায় বিশ্বের সব প্রান্তের মানুষকে এই বিশ্বকাপ আকর্ষণ করবে।
আয়োজকরা আশা করছেন, ১৪টি ভেন্যুতে ম্যাচ চলার সময় উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করবে।
আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে টিকেট বিক্রি শুরু হবে। তবে ক্রিকেটপ্রেমীরা আগেই ওয়েবসাইটে (www.cricketworldcup.com) টিকেটের জন্য নিবন্ধন করতে পারবেন।
আয়োজকরা আশা করছেন, টিকেটের দাম কম রাখায় ১০ লাখেরও বেশি দর্শক বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে আসবেন।
২০১১ সালে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় প্রায় ১২ লাখ মানুষ মাঠে এসে খেলা দেখেছিল।
২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত টুর্নামেন্টে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ১০টি পূর্ণ সদস্যসহ ১৪টি দেশ অংশ নিচ্ছে।
