খেলাঘরকে হারিয়ে সুপার সিক্সে প্রাইম ব্যাংক
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৫৯ রানে হারিয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্স নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২৫ রান করে প্রাইম ব্যাংক।
সর্বোচ্চ ৬৪ রান ম্যাচ সেরা তাইবুর পারভেজের। এছাড়া সৈকত আলী ১৯, অধিনায়ক ব্রেন্ডন টেইলর ২৮ ও লিয়াম ডসন ২৬ রানের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস খেলেন।
জবাবে ৪৩ ওভার ১ বলে ১৬৬ রানে অলআউট হয়ে যায় খেলাঘর। সর্বোচ্চ ৫১ রান শুভাগত হোম চৌধুরীর। এছাড়া আরিফুল হক ৩৬ ও গাজী সালাউদ্দিন ৩৫ রান করেন।
৪০ রানে ৩ উইকেট নিয়ে রবি বোপারা প্রাইম ব্যাংকের সেরা বোলার।
১০ খেলায় ষষ্ঠ জয়ে প্রাইম ব্যাংকের পয়েন্ট ১২। অন্যদিকে সমান খেলায় এটি খেলাঘরের নবম হার। রেলিগেশন ম্যাচে নবাগত দলটির প্রতিপক্ষ কলাবাগান ক্রীড়া চক্র।
প্রাইম দোলেশ্বর ও কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির মধ্যে একটি ম্যাচ বাকি থাকলেও সুপার সিক্সের ছয় দল চূড়ান্ত হয়ে গেছে। মোহামেডান, প্রাইম দোলেশ্বর ও গাজী ট্যাংকের সঙ্গে যোগ দিয়েছে প্রাইম ব্যাংক, কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি ও ব্রাদার্স ইউনিয়ন।
প্রথম পর্বেই লিগ শেষ হয়ে গেছে শিরোপাধারী ভিক্টোরিয়া ও সাবেক চ্যাম্পিয়ন আবাহনীর। শেষ চার ম্যাচ জিতে কোনোমতে রেলিগেশন ম্যাচ এড়িয়েছে আবাহনী।
