বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার বিদায়
গত আসরের রানার্সআপ গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের কাছে ১১৪ রানের বিশাল ব্যবধানে হেরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ থেকে বিদায় নিয়েছে শিরোপাধারী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
শনিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫১ রান করে গাজী ট্যাঙ্ক।
ভিক্টোরিয়ার পক্ষে শ্রীলঙ্কান শালিকা করুনানায়েকে ৫৫ রানে ৩ উইকেট নেন।
জবাবে ৪১ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া।
মোহাম্মদ শরীফ ছাড়া আর কেউ ভালো ব্যাটিং করতে না পারায় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি ভিক্টোরিয়া। ৭৩ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৮ রানে অপরাজিত থাকেন শরীফ। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান যুবায়ের আহমেদের।
১৩ রানে ৪ উইকেট নিয়ে গাজী ট্যাঙ্কের সেরা বোলার আরাফাত সানি। ১৯ রানে ৩ উইকেট নেন আশহার জাইদি।
১০ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে আগেই সুপার সিক্স নিশ্চিত করা গাজী ট্যাঙ্ক। সমান খেলায় পঞ্চম হারে ৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে থেকে লিগ শেষ করলো ভিক্টোরিয়া।
