২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট লিগের সুপার সিক্সে মোহামেডান

কলাবাগান ক্রীড়া চক্রকে ৩৮ রানে হারিয়ে তৃতীয় দল হিসেবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্স নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2013, 07:26 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

সুপার সিক্স নিশ্চিত করা প্রথম দুই দল গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর।

১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আপাতত লিগের শীর্ষে আছে মোহামেডান। এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট নিয়ে কলাবাগানের অবস্থান দশম। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে রেলিগেশন ম্যাচ এড়াতে শেষ ম্যাচে আবাহনী লিমিটেডকে হারাতেই হবে কলাবাগানকে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শতক করে মোহামেডানের জয়ে বড় অবদান শতক করা ইজাজ আহমেদ ও ৫ উইকেট নেয়া রহমত শাহ’র।

টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ৩০৫ রানে অলআউট হয়ে যায় মোহামেডান।

৪ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে হাবিবুর রহমানের (৬৪) সঙ্গে ইজাজের ১৬৫ রানের জুটিতে মোহামেডান ঘুরে দাঁড়ায়। দলীয় ২০৬ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১০৯ রান করেন ইজাজ। তার ১২০ বলের ইনিংসে ৬টি বিশাল ছক্কা ও ৫টি চার। ইজাজ ফিরে এলেও রহমত শাহ (২৬ বলে ৪২) ও মুক্তার আলীর (১৭ বলে ২৬) আক্রমণাত্মক ব্যাটিং তিন শ’র ওপরে নিয়ে যায় মোহামেডানকে। কলাবাগানের পক্ষে ৬১ রানে ৩ উইকেটে নেন শ্রীলঙ্কার জিহান মুবারক। জবাবে ৪৯ ওভার ৩ বলে ২৬৫ রানে অলআউট হয়ে যায় কলাবাগান। ৮৪ বলে ৬টি চারসহ সর্বোচ্চ ৮৩ রান আসে নাঈম ইসলামের ব্যাট থেকে। বিলাল শাফায়াত ৪৩ ও মিঠুন আলী ৪১ রান করেন। রহমত শাহ’র ৫ উইকেটের পেছনে খরচ ৫০ রান।