২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মজিদের শতকে কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির জয়

আব্দুল মজিদের অপরাজিত শতকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী ট্যাংক ক্রিকেটার্সকে ৯ উইকেটের বিরাট ব্যবধানে হারিয়ে সুপার সিক্সের সম্ভাবনা উজ্জ্বল করেছে নবাগত কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2013, 04:28 PM

Updated : 23 Aug 2022, 07:14 PM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে ২০৪ রানে থেমে যায় গাজী ট্যাঙ্কের ইনিংস।

সর্বোচ্চ ৮৩ রান আসে অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে। তার ৯৮ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। এছাড়া আর কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে না না পারায় লড়াই করার মতো পুঁজি পায়নি লিগের শীর্ষে থাকা দলটি।

দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করে আসে আফতাব আহমেদ ও হামিদুল ইসলামের ব্যাট থেকে। কলাবাগানের পক্ষে জাকারিয়া মাসুদ, আভিষেক মিত্র ও মাকসুদুল হাসান দুটি করে উইকেট নেন। জবাবে ৪১ ওভার ১ বলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলাবাগান।

অভিষেকের সঙ্গে মজিদের ৫৭ রানের চমৎকার উদ্বোধনী জুটি কলাবাগানকে ভালো সূচনা এনে দেয়। তবে তাদের সহজ জয় এসেছে হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে মজিদের অবিচ্ছিন্ন ১৫০ রানের বড় জুটির সৌজন্যে।

১০২ রানে অপরাজিত ম্যাচ সেরা মজিদের ১৩৬ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছক্কা। ৭৭ রানে অপরাজিত মাসাকাদজার ৭০ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা।

৯ খেলায় কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির এটি পঞ্চম জয়। অন্য দিকে এনিয়ে তিনবার হারলো গাজী ট্যাঙ্ক।