ওয়ানডে সিরিজে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা
তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৬৮ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা খেলা শুরু হওয়ার আগে একটা দুঃসংবাদ পেয়েছে। ‘পোস্ট কনকাশন সিনড্রোম’ বা এক ধরনের মাথার অসুখের জন্য এই সিরিজে আর খেলতে পারবেন না গ্রায়েম স্মিথ।
গত মাসে দ্বিতীয় ও শেষ টেস্ট চলার সময় সমস্যাটা ধরা পড়লেও প্রথম দুই ওয়ানডেতে খেলেছিলেন স্মিথ। মঙ্গলবার এমআরআই স্ক্যানে কোনো আঘাত ধরা না পড়লেও এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে নিয়ে ঝুঁকি নেয়নি অতিথি দল।
স্মিথকে হারালেও হাশিম আমলাকে ফিরে পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য প্রথম টেস্টের পর দেশে ফিরে যান আমলা। টেস্ট সিরিজ শেষে স্বল্প সময়ের ছুটিতে দেশে যাওয়া ডেল স্টেইনও ফিরেছেন দলে।
ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে জেপি ডুমিনি (৬৪) ও ফাফ দু প্লেসির (৫৫) অর্ধশতক ৮ উইকেটে ২৫৯ রান এনে দেয়।
৪৬ রানে ৩ উইকেট নেন দীর্ঘদেহী বাঁহাতি পেসার মোহাম্মদ ইরফান। দুটি করে উইকেট দুই স্পিনার সাঈদ আজমল ও শহীদ আফ্রিদির।
জবাবে ৪৪ ওভার ৩ বলে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
উদ্বোধনী জুটিতে ৫০ রান এলেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১১৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিক দল।
অষ্টম উইকেটে সোহেল তানভীর (৩১) ও ওয়াহাব রিয়াজ (৩৩) ৭০ বলে ৬১ রানের জুটি গড়লেও কোনো লাভ হয়নি।
৫৩ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার পাকিস্তানি বংশোদ্ভূত লেগস্পিনার ইমরান তাহির।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৫৯/৮ (আমলা ১০, ডি কক ৪০, দু প্লেসি ৫৫, ডুমিনি ৬৪, ডি ভিলিয়ার্স ৩৪, মিলার ৩৪, ম্যাকলারেন ১৩, স্টেইন ২, মরকেল ০*, সোতসোবে ০*; ইরফান ৩/৪৬, আজমল ২/৩৮, আফ্রিদি ২/৪১, তানভীর ১/৪৭)
পাকিস্তান: ৪৪.৩ ওভারে ১৯১ (হাফিজ ১৫, শেহজাদ ৩২, আমিন ১৩, মিসবাহ ১৯, শফিক ১১, উমর আকমল ৭, আফ্রিদি ৬, তানভীর ৩১, রিয়াজ ৩৩, আজমল ১, ইরফান ৪*; তাহির ৪/৫৩, ম্যাকলারেন ২/৩১, মরকেল ২/৩৫, স্টেইন ১/৩১, সোতসোবে ১/৩৪)
ফলাফল: দক্ষিণ আফ্রিকা ৬৮ রানে জয়ী
ম্যাচ সেরা: ফাফ দু প্লেসি।
