২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সঠিক পরিকল্পনা’র অভাবকে দুষলেন মুশফিক

বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম মনে করেন, পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারা নিউ জিল্যান্ডের কাছে একমাত্র টি-টোয়েন্টিতে ১৫ রানে হেরে যাওয়ার কারণ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 08:22 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে বিমর্ষ মুশফিক বলেন, “আমার মনে হয় আমরা ২০ রান বেশি দিয়েছি। আমাদের ‘পাওয়ার প্লে’ আর ‘ডেথ ওভার’ বোলিং পরিকল্পনা মতো হয়নি। ওদের রান ১৮০-এর মধ্যে রাখতে পারলে খেলাটা ভিন্ন রকম হতো।”

পাওয়ার প্লে অর্থাৎ প্রথম ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭০ রান সংগ্রহ করে নিউ জিল্যান্ড। তাই শুরুতেই চাপে পড়ে যাওয়ার কথা জানান বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, “আপনি যত ভালোই খেলেন না কেন, টি-টোয়েন্টিতে ৫/৬ ওভারে ৮০ রান দিয়ে দিলে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়। ওরা আমাদের কোনো সুযোগই দেয়নি।”

মুশফিক মনে করেন, শুরুতে উইকেট হারানোয় পিছিয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের মাঝামাঝি সময়ে কোরি অ্যান্ডারসনের ভালো বোলিংও তার দলকে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দেয়নি।

তিনি বলেন, “আমি আর ৫ ওভার খেলতে পারলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো। সে সময় কোরি অ্যান্ডারসন বল করছিল। ৪ ওভারে মনে হয় ১৯ রানের (আসলে ২১) মতো দিয়েছে। আমার মনে হ্য় ঐ জায়গায় ম্যাচটা হেরে গেছি।”

মুশফিক আরো বলেন, “আজ উইকেটের আচরণ ভিন্ন ছিল। নতুন বলে আক্রমণ করতেই হতো। প্রথম ৬ ওভারে যত বেশি সম্ভব রান করার পরিকল্পনা ছিল আমাদের। ব্যাটসম্যানদের কেউ শেষ পর্যন্ত থাকলে শেষ দুই ওভারে ২০ রানও অসম্ভব ছিল না। আমার কাছে মনে হয়েছে, আমাদের খেলা আর পরিকল্পনার ভেতর আরো পরিপক্কতা আনতে হবে।”