খেলেই টি-টোয়েন্টিতে উন্নতি চান মুশফিক
নিউ জিল্যান্ডের এই সফরে প্রথমবারের মতো পরাজিত অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসে মুশফিক জানালেন, ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে আরো অনেক উন্নতি প্রয়োজন বাংলাদেশের। আর এর জন্য চাই, বেশি বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে নিউ জিল্যান্ডের দেয়া ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৯ রান করেছে বাংলাদেশ, যা দ্বিতীয় ইনিংসে নিজেদের সর্বোচ্চ।
কিন্তু কোচ শেন জার্গেনসনের সঙ্গে সংবাদ সম্মেলনে আসা মুশফিককে মোটেও সন্তুষ্ট মনে হলো না। এই অসন্তুষ্টি জিততে না পারার জন্য নয়, বরং বাংলাদেশ এখনও টি-টোয়েন্টির ধাঁচে ব্যাটিং-বোলিং করতে পারছেন না দেখে।
“আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি। পাওয়ার প্লেতে যে রান দিয়েছি, সেখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন। টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো অনেক জায়গা আছে যেখানে আমাদের উন্নতি করা দরকার।”
এ বছর সব মিলিয়ে মাত্র চারটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিটা হৃদয়ঙ্গম করার জন্য বেশি খেলার কোনো বিকল্প নেই বলে মনে করেন মুশফিক।
“আশা করি, ভবিষ্যতে আমরা আরো টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবো। আপনি আশা করতে পারেন না যে, চার-পাঁচ মাস পর পর একটা-দুইটা টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন, আর সঙ্গে সঙ্গে জিতে যাবেন। এ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আশা করি, সামনে সেগুলো কাজে লাগাতে পারবো।”
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তো মেরেই খেলছিল বাংলাদেশ। প্রয়োজনীয় রানরেটের সঙ্গে তাল মিলিয়ে রান উঠছিল বলে দেখা দিয়েছিল জয়ের সম্ভাবনাও। তবুও মুশফিক বলছেন, পরিকল্পনা মতো কিছুই হয়নি। ম্যাচে নিজেদের ব্যাটিংটাকে তিনি আখ্যা দিলেন ‘অস্বাভাবিক’ হিসেবে। টি-টোয়েন্টিতে সাফল্য পেতে হলে নাকি এভাবে ব্যাটিং করলে চলবে না।
“আজ যেভাবে ব্যাটিং করেছি, সেভাবে প্রতিদিন সম্ভব না। অস্বাভাবিক ব্যাটিং। পাওয়ার প্লেতে ৩ উইকেট পড়ে যাওয়ার পর অন্য কোনো দল চাইবে না ৬ ওভারে ৮০ বা ৭৬ রান করতে। এটা নিয়মিত করা সম্ভব না।”
বাংলাদেশের ইনিংসটাকে কেন অস্বাভাবিক বলছেন, তারও ব্যাখ্যা দিলেন অধিনায়ক।
“পাওয়ার প্লেতে আমরা যে ব্যাটিং করেছি, সেটা টি-টোয়েন্টি ব্যাটিং নয়। ৩ উইকেট পড়ার পর অন্ধের মতো প্রতিটি বল চালাতে থাকবো, এটা তো আমার বা নাঈম ভাইয়ের বা আমাদের কোনো ব্যাটসম্যানের স্বভাব না। এভাবে খেললে আমরা কোনোদিনই ক্লিক করতে পারবো কি না আমার সন্দেহ আছে।”
বাংলাদেশ যে টি-টোয়েন্টিতে অনেক পিছিয়ে, তা অপকটে স্বীকার করলেন অধিনায়ক।
“টি-টোয়েন্টি অন্যরকম একটা খেলা, যেটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। যতই আপনারা বলেন, ব্যাটিংয়ের দিক থেকে আমরা অনেক লড়াই করেছি; কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে, এভাবে খেললে আমরা কখনোই উন্নতি করতে পারবো না।”
২০ ওভারের ম্যাচে কিভাবে ব্যাটিং করতে হয় তার উদাহরণ মুশফিক টানলেন ম্যাচে নিউ জিল্যান্ডের ইনিংস থেকেই।
“ওদের ব্যাটিং দেখেন, ধুম ধাড়াক্কা খুব যে মেরেছে, তা কিন্তু না। হিসেবী এবং ঠাণ্ডা মাথায় খেলেছে। আমরা যত খেলবো, আমাদেরও ততো উন্নতি হবে। কিন্তু আমাদের খেলার সুযোগটা তো দিতে হবে। আপনি প্রতিবছর যদি একটা-দুইটা টি-টোয়েন্টি খেলেন, কখনোই শিখবেন না।”
টি-টোয়েন্টিতে কোথায় উন্নতি করতে হবে বাংলাদেশের, তাও বলে দিলেন মুশফিক।
“আমাদের অনেক কিছু নিয়ে কাজ করতে হবে। স্ট্রাইক রোটেট করা, বাউন্ডারি অপশন, পাওয়ার প্লে কিভাবে খেলবো, উইকেট পড়ে গেলে পার্টনারশিপ কিভাবে গড়ে তুলবো, কে অ্যাটাক করবে আর কে অ্যাঙ্কর রোল করবে, ডেথ ওভারে কীভাবে বল করতে হবে - অনেক কিছু।”
সামনে দেশের মাটিতে টি-টোয়েন্টির বিশ্বকাপ হচ্ছে দেখেই দ্রুত উন্নতি করার তাড়া মুশফিকের।
সামনে প্রিমিয়ার লিগের ম্যাচ, শ্র্রীলঙ্কা সফর ও এশিয়া কাপ থাকলেও খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ নেই। তাই মুশফিক চান টি-টোয়েন্টি ম্যাচ অনুশীলনের সুযোগ। “আমাদের ঘাটতি পূরণের জন্য যতটা খেলা দরকার, ততটা তো খেলতে হবে। না জিতি যেন বুঝতে পারি, এভাবে খেলতে হয়। এভাবে জিততে হয়।”
