জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত সৌম্য
প্রথমবারের মতো জাতীয় দলে ভীষণ রোমাঞ্চিত সৌম্য সরকার। তৃতীয় ওয়ানডের দলটিই রাখা হয়েছে নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির জন্য, যাতে ইলিয়াস সানির জায়গায় স্বাগতিক দলে এসেছেন এই অলরাউন্ডার।
গত বছরের জুনে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কাতারের বিপক্ষে দ্বি-শতক হাকিয়ে চমকে দেয়া বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে ৩০ সদস্যের প্রাথমিক দলেও ছিলেন। বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচে দারুণ এক শতক হাঁকিয়েছিলেন ।
জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়েই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন সৌম্য।
“সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। যেহেতু দলে ডাক পেয়েছি খেলার ইচ্ছে থাকবে। আর সুযোগ পেলে চেষ্টা করবো ভালো করার।”
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বর্তমান চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার হয়ে খেলছিলেন। লিগে খুব একটা ভালো না করলেও হঠাৎ ডাক পাওয়ায় একটু অবাকই হয়েছেন সৌম্য।
বাঁহাতি এই ব্যাটসম্যান আবার ডানহাতি মিডিয়াম পেসারও। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অবদান রাখতে চান সৌম্য।
“আমি প্রধানত ব্যাটসম্যান। পাশাপাশি বোলিংও করি। সব সময় চেষ্টা থাকবে দুই দিকেই ভালো করার। যখন যেটায় সুযোগ পাব ওইটাতেই সেরাটা দেয়ার চেষ্টা করবো।”
গত মৌসুমে ভিক্টোরিয়াকে শিরোপা এনে দেয়ায় গুরুত্বপূর্ণ অবদান ছিল তামিমের সঙ্গে সৌম্যের চমৎকার উদ্বোধনী জুটির।
“ছোট বেলায় বেশিরভাগ সময় টেপ টেনিস খেলতাম। ওই সময় পাওয়ার ক্রিকেট খেলতাম। বিকেএসপিতে যখন খেলতাম তখন প্রিমিয়ার লিগে তামিম ভাইকে ব্যাটিং করতে দেখতাম; অনেক মারতো। শুধু তামিম ভাইকে যে অনুসরণ করতাম তা না। যুবরাজ, গেইল এদের খেলা দেখে মনে হয়েছে না ‘হার্ড’ ক্রিকেটটাই খেলি।”
বাংলাদেশের ক্রিকেটের আরেক বড় তারকা সাকিব আল হাসানও সৌম্যর অনুপ্রেরণা। জাতীয় লিগে রংপুরের বিপক্ষে হারতে বসা ম্যাচ জেতানোয় সৌম্যকে পুরস্কৃত করেছিলেন সাকিব। সেটাও আরো ভালো খেলার জন্য অনুপ্রাণিত করেছে বলে জানান সৌম্য।
