কলাবাগানকে হারিয়েছে প্রাইম দোলেশ্বর
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কলাবাগান ক্রীড়া চক্রকে ৩ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪৩ রান করে কলাবাগান।
সর্বোচ্চ ৬০ বিলাল সাফায়াতের। অধিনায়ক জিহান মুবারকের ব্যাট থেকে আসে ৫১ রান। এছাড়া ফরহাদ হোসেন ৪৩ ও মিঠুন আলী ৩৫ রান করেন।
দোলেশ্বরের পক্ষে শফিউল আলম ৩ উইকেট নেন ৫৬ রানে।
জবাবে ডেভিড জোহানস মালানের ৭৫ রানের সুবাদে ৩ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর।
এছাড়া মেহেদি মারুফ ৪৭ ও রনি তালুকদার ৪২ রান করেন।
শেষ দিকে ইমামুল হোসেন ২১ রানে ৩ উইকেট নিয়ে অঘটনের সম্ভাবনা জাগালেও শেষ রক্ষা করতে পারেননি।
৯ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট পাওয়া দোলেশ্বর সুপার সিক্সের সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে। আট খেলায় পঞ্চম হারে ৫ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে কলাবাগান।
