২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ধারায় ভিক্টোরিয়া

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয়ের ধারায় ফিরেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। শনিবার লড়াই করে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৬ রানে হারিয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 07:52 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

৮ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ভিক্টোরিয়া। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শেখ জামালের অবস্থান সপ্তম। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা ভিক্টোরিয়ার শুরুটা তেমন ভালো হয়নি। তবে ৮৭ রানে চার উইকেট পড়ার পর জুবায়ের আহমেদ ও শ্রীলঙ্কার লাসিথ আবেরত্নের ৮৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা।

মাত্র ৭৭ বলে ৭টি চার ও একটি ছক্কাসহ অপরাজিত ৮৯ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন ম্যাচ সেরা জুবায়ের। আবেরত্নের ৬৯ বলে ৫৯ রানের ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা। এ দুজন জ্বলে উঠলেও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪৬.২ ওভারে ২৫১ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। শেখ জামালের পক্ষে দুটি করে উইকেট নেন নাহিদুল ইসলাম ও আফগানিস্তানের গুলবাদিন নাইব। জবাবে তিন রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শেখ জামাল। এরপর জিম্বাবুয়ের অলরাউন্ডার এল্টন চিগুম্বুরা (৯১), জাতীয় দল থেকে বাদ পড়া উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক (৪৮) ও নাহিদুল ইসলাম (৪৭) অনেক চেষ্টা করলেও হার এড়াতে পারেনি তারা। ৫০ রানে চার উইকেট নিয়ে ভিক্টোরিয়ার সেরা বোলার রবিউল ইসলাম।