২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাড় দেয়ার কোনো সুযোগই নেই: মাশরাফি

প্রথম দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে ফেললেও রোববারের শেষ ওয়ানডেটিকে মোটেই হালকা করে দেখছে না বাংলাদেশ। বরং আগের দুই ম্যাচের ভুলগুলো শুধরে নেয়ার লক্ষ্য স্বাগতিকদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 03:01 PM

Updated : 13 Oct 2022, 03:02 PM

রোববার ফতুল্লার খান সাহেব এম ওসমান আলী স্টেডিয়ামে শেষ ওয়ানডের আগের দিন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসে আরো ভালো খেলার এ প্রতিশ্রুতি দিলেন পেসার মাশরাফি বিন মুর্তজা।

“আমরা এখনো বিশ্ব ক্রিকেটে এমন কোনো পেশাদার দল হইনি যে, সিরিজ জিতে গেছি বলে ‘রিল্যাক্স’ করবো। এর কোনো সুযোগই নেই। প্রত্যেকটা ম্যাচ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। কালকের ম্যাচে আমরা নিজেদের পারফরম্যান্স আরো ভালো করার চেষ্টা করবো।”

প্রথম দুটি ওয়ানডেতে জিতলেও বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বলে মনে করেন মাশরাফি বিন মুর্তজা।

“শেষ দুটি ম্যাচে জিতলেও আমি বলবো না ভালো খেলে জিতেছি। আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আমরা অনেক ভুল করেও জিতেছি। কারণ, ওরা আমাদের চেয়ে বেশি ভুল করেছে।”

বোলিং ও ফিল্ডিং ঠিকঠাক হলেও দুই ম্যাচেই ব্যাটিং পরিকল্পনা অনুযায়ী হয়নি বলে মনে করেন মাশরাফি।

“শিশির পরেছে তারপরও স্পিনাররা তাদের কাজটা ঠিক মতো করেছে। এমনকি বল গ্রিপও করতে অনেক সমস্যা হচ্ছিল তাদের। ব্যাটিংয়ে প্রথম ম্যাচেও খুব দ্রুত উইকেট পড়ে গিয়েছিল, আর দ্বিতীয় ম্যাচেও আমরা জুটি গড়ে তুলতে পারিনি।”

ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও বোলিং-ফিল্ডিংয়ে ভালো করার একটা তাড়না ছিল। তাই দুই ম্যাচেই জয় এসেছে মনে করেন মাশরাফি।

“আমাদের মানসিকতায় পরিবর্তন এসেছে। একটায় খারাপ করলেও অন্য দুটোতে ভালো করে জেতার চেষ্টা করেছি। দেশের বাইরে গেলে এখনো হয়তো বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।”

ঘরের মাঠে যে কোনো দলকে হারানোর আত্মবিশ্বাস জন্মেছে জানিয়ে দেশসেরা এই পেসার বলেন, “গত ডিসেম্বরে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম। সেটা অনেকে প্রত্যাশা করেনি। আমরা সম্ভবত আমাদের সেরা খেলোয়াড়কে (সাকিব আল হাসান) ছাড়াই সেই সিরিজটা খেলেছিলাম।”

২০০১ সালে মাশরাফির যখন অভিষেক, তখন হার মেনে ভালো খেলার জন্য খেলতে নামত বাংলাদেশ। অনেকগুলো পর্যায় পেরিয়ে এখন জয়টাকে অভ্যাসে পরিণত করছে বাংলাদেশ।মাশরাফির কথাতেই উঠে এলো পরিবর্তনগুলো।

“পরিবর্তন সময়ের ব্যাপার। একটা সময় আমরা চিন্তা করতাম দুশ' রান করি এরপর এলো আমরা হারলেও যেন সম্মাজনকভাবেই সেটা থাকে। তারপরের স্টেজে, আমরা কিছু কিছু ম্যাচ জেতা শিখলাম। এখন আমরা সিরিজ জয়ের চিন্তা করি। এটা একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে আসে এবং প্রত্যেকটা দেশই তাই করে। ক্রিকেটে দেখবেন এমনই হয়। এটা সময়েরই দাবি।”