শ্রীলঙ্কা সফরে নিউ জিল্যান্ডের অধিনায়ক মিলস
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট পাওয়ায় শ্রীলঙ্কায় যেতে পারবেন না কেন উইলিয়ামসন। তাই শ্রীলঙ্কা সফরে নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেবেন পেসার কাইল মিলস।
বিশ্রাম দেয়ায় এই সফরে নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর নেই। ম্যাককালামের অনুপস্থিতিতে অধিনায়কত্ব দেয়া হয়েছিল উইলিয়ামসনকে। কিন্তু তিনি চোট পাওয়ায় মিলসের কাঁধে দায়িত্বটা পড়েছে।
শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেললেও কোনো টেস্ট খেলবে না নিউ জিল্যান্ড। ১০, ১২ ও ১৬ নভেম্বর হবে ওয়ানডে তিনটি। টি-টোয়েন্টি দুটি ১৯ ও ২১ নভেম্বর।
১২ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত ৩৪ বছর বয়সী মিলস প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। টেস্টে অনিয়মিত হলেও নিউ জিল্যান্ডের ওয়ানডে দলের তিনি নিয়মিত সদস্য।
৫০ ওভারের ক্রিকেটে মিলসের ভালোই সাফল্য। ওয়ানডেতে দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২২৩ উইকেট উইকেট তার। সর্বোচ্চ ২৭৬ উইকেট ড্যানিয়েল ভেট্টরির।
ভারত সফর শেষে নভেম্বরের শেষ দিকে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে নিউ জিল্যান্ডে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে তরতাজা ম্যাককালাম ও টেইলরকে পেতে শ্রীলঙ্কা সফরে তাদের রাখা হয়নি।
নিউ জিল্যান্ড দল: কাইল মিলস (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, অ্যান্টন ডেভসিচ, গ্র্যান্ট এলিয়ট, অ্যান্ড্রু এলিস, টম ল্যাথাম, মিচেল ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিল্ন, কলিন মানরো, জেমস নিশাম, রব নিকোল, লুক রঞ্চি, হামিশ রাদারফোর্ড ও নিল ব্রুম।
