২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট দলে ডাক পেলেন রোহিত শর্মা

ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ছয় বছর হয়ে গেলেও এখনও টেস্ট খেলা হয়নি তার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 04:42 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।

২০০৭ সালের জুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওযানডের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রোহিত শর্মার। এরপর তিনি খেলেছেন ১০৭টি ওয়ানডে। তিনটি শতকসহ রান করেছেন দুই হাজার ৮৪০। এছাড়া ৩৬ টি-টোয়েন্টি খেলে করেছেন ৫৩৯ রান।

ডাক পেয়েছেন ১৩টি ওয়ানডে খেলা পেসার মোহাম্মদ সামিও। এছাড়া দলে ফিরছেন পেসার উমেশ যাদব ও স্পিনার অমিত মিশ্র।

গতবছর নভেম্বরে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন নয়টি টেস্ট খেলা যাদব। আর ২০১১ সালের অগাস্টে ইংল্যান্ড সফরে শেষ টেস্ট খেলেছিলেন ১৩ টি টেস্ট খেলা মিশ্র।

তবে এবারো সুযোগ পাননি ৮৮ টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন পেসার জহির খান। গতবছর ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন ২৯৫ টেস্ট উইকেট পাওয়া ৩৫ বছর বয়সী জহির।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৬ নভেম্বর, কলকাতার ইডেন গার্ডেন্সে। আর দ্বিতীয় টেস্ট হবে ১৪-১৮ নভেম্বর, মুম্বাইয়ে ওয়াংখেড় স্টেডিয়ামে। এই টেস্ট খেলেই প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলার কৃতিত্ব গড়ে ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টানবেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরালি বিজয়, চেতেশ্বর পূজারা, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, প্রজ্ঞান ওঝা, অমিত মিশ্র, অজিঙ্কা রাহানে, উমেশ যাদব, সামি আহমেদ, রোহিত শর্মা ও ইশান্ত শর্মা।