২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছ্বসিত, আবেগাপ্লুত রুবেল

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে বিশাল অবদান রেখে উচ্ছ্বসিত রুবেল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 12:47 AM

Updated : 25 Apr 2022, 07:27 PM

মঙ্গলবার খেলা শেষে ‍মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই পেসার বলেন, “অবশ্যই খুব ভালো লাগছে। ভালো জায়গায় বল করেছি আর ভাগ্য সঙ্গে ছিল বলে উইকেটও পেয়েছি।”

কাঁধের চোটের কারণে কঠিন সময় কাটাতে হয়েছে রুবেলকে। সে কথা উল্লেখ করে ম্যাচের সেরা খেলোয়াড় বলেন, “কাঁধের চোটের জন্য অনেক দিন খেলতে পারিনি। সুস্থ হওয়ার পর কঠোর পরিশ্রম করে নিজেকে প্রস্তুত করেছি। ঢাকা লিগে ভালো খেলে আগের চেয়ে এখন আমি অনেক আত্মবিশ্বাসী।”

বৃষ্টির পর উইকেট থেকে সহায়তা পাওয়ার কথা জানিয়ে তিনি আরো বলেন, “স্লোয়ারে বল কিছুটা টার্ন করছিল। মাঝে-মধ্যে বাউন্সও করছিল। আমি নিউ জিল্যান্ডের বিপক্ষে বল করা খুব উপভোগ করি।”

কথাটা সত্যি। ওয়ানডেতে রুবেলের আগের সেরা বোলিংও (৪/২৫) ছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে।

তবে শুধু নিউ জিল্যান্ড নয়, ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংও (৬/২৬) এখন তার অধিকারে। অবশ্য এককভাবে নয়, মাশরাফি বিন মুর্তজার সঙ্গে যৌথভাবে।

মঙ্গলবার সেই মাশরাফিই তাকে উৎসাহ দিচ্ছিলেন সোৎসাহে। সে কথা জানিয়ে রুবেল বলেন, “মাশরাফি ভাই বলছিলেন, ‘যেভাবে বল করছিস তাতে আজ তুই পাঁচ-ছয় উইকেট পাবিই।’”